ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

চট্টগ্রামে ছাত্রলীগ কর্মী হত্যায় ৭ জনের যাবজ্জীবন

চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: ১৯:২৬, ২০ এপ্রিল ২০২২
চট্টগ্রামে ছাত্রলীগ কর্মী হত্যায় ৭ জনের যাবজ্জীবন
আদালতের আদেশ: প্রতীকী ছবি

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলা ছাত্রলীগের কর্মী মামুনুর রশীদ মামুনকে কুপিয়ে হত্যার দায় প্রমাণিত হওয়ায় আদালত সাত আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে। একই রায়ে আসামিদের ৫০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরো এক বছরের কারাদণ্ড দেওয়া হয়। বুধবার চট্টগ্রামের দ্রুত বিচার ট্রাইবুন্যালের বিচারক মোজাম্মেল হক চৌধুরী এই রায় ঘোষণা করেন।

দণ্ডিতরা হলেন, মো. আজম (২৬), ফারুক ওরফে আশিক (২৬), আলী আজগর হৃদয় (২০), ওমর উদ্দিন (২৪), শওকত হোসেন ওরফে শাহ নূর (২২), এস এম আশরাফুল আলম সুমন (২১) ও মোহাম্মদ পারভেজ (২৭)। তাদের মধ্যে সুমন ও পারভেজ পলাতক।

রায়ের বিষয়টি নিশ্চিত করে রাষ্ট্রপক্ষের আইনজীবী আইয়ুব খান বলেন, মামুনকে হত্যার দায় সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় আদালত সাত আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড এবং প্রত্যেককে ৫০ হাজার টাকা করে জরিমানা করেছেন। অনাদায়ে আরো এক বছরের সাজা দিয়েছেন। একই ঘটনায় আবদুল আজিজ নামের একজনকে কুপিয়ে আহত করার ঘটনায় আসামি ওমর উদ্দিনকে আরো ১০ বছরের কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। তবে এই সাজা এক সঙ্গে কার্যকর হবে।

Advertisement

রায়ের পর মামলার বাদী মো. ইয়াছিন বলেন, হত্যা মামলার আসামিদের মধ্যে আজ, আলী আজগর ও ওমর উদ্দিন ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছিল। তাদের ফাঁসির দণ্ড হবে বলে আশা করেছিলাম। কিন্তু রায়ে সব আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। ’ তিনি বলেন, ‘আসামিরা মাদক সেবন করতো, মাদক ব্যবসায় বাধা দেওয়ায় আমার ভাইকে হত্যা করেছে ওরা। ’

২০১৮ সালের ২৬ সেপ্টেম্বর কর্ণফুলী উপজেলার জাদার পাড়া এলাকায় আবু তাহেরের ছেলে ছাত্রলীগ কর্মী মামুনুর রশীদকে কুপিয়ে হত্যা করা হয়। এ ঘটনার পর তার ভাই ইয়াছিন বাদী হয়ে কর্ণফুলী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। হত্যা মামলার তদন্ত শেষে ২০১৯ সালের ১১ মার্চ কর্ণফুলী থানার তৎকালীন পরিদর্শক (তদন্ত) হাসান ইমাম সাত আসামির বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন। এরপর ২০২১ সালের ৫ জানুয়ারি আদালতে আসামিদের বিরুদ্ধে বিচার শুরু হয়। রাষ্ট্রপক্ষ ২৭ জন সাক্ষীর মধ্যে ১৮ জনের সাক্ষ্য গ্রহণ শেষে রায় ঘোষণা করে।   

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!