সন্দ্বীপে স্পিডবোটডুবি: নিখোঁজ এক শিশুর লাশ উদ্ধার
চট্টগ্রাম-সন্দ্বীপ নৌ রুটে স্পিডবোট ডুবে নিখোঁজ তিন শিশুর মধ্যে একজনের লাশ উদ্ধার করা হয়েছে। লাশটি যমজ দুজনের মধ্যে একজনের বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। তবে সেটি আদিবা নাকি আলিফার তা নিশ্চিত হওয়া যায়নি।
শুক্রবার সকাল সোয়া ৯টার দিকে সন্দ্বীপের উড়িরচর ইউনিয়নের সগর উপকূল থেকে লাশটি উদ্ধার করা হয়।
সন্দ্বীপ ফায়ার সার্ভিস স্টেশনের স্টেশন অফিসার কিরিটি রঞ্জন বড়ুয়া বলেন, গুপ্তছড়া ঘাট থেকে ২৫ কিলোমিটার দূরে উড়িরচর এলাকায় একটি লাশ ভেসে থাকার খবর পাই। পরে সেখানে গিয়ে লাশটি উদ্ধার করা হয়। লাশটি যমজ বোনের মধ্যে একজনের। তবে কোনজন সেটি শনাক্ত করা যায়নি। উদ্ধারের পর লাশটি সন্দ্বীপ থানায় হস্তান্তর করা হয়েছে।
.png)
এর আগে, বুধবার সকালে গুপ্তছড়া ঘাটের কাছাকাছি স্থানে এ দুর্ঘটনা ঘটে। এরপর স্পিডবোটটিতে থাকা ২০ যাত্রীর মধ্যে ১৬ জনকে জীবিত উদ্ধার করা হয়। পরে আনিকা নামে এক শিশুর লাশ উদ্ধার করা হয়। তবে নিখোঁজ ছিল আনিকার দুই যমজ বোন ছয় বছর বয়সী আদিবা ও আলিফা এবং ১০ বছর বয়সী মনির হোসেন সৈকত। ঘটনার পর থেকে নিখোঁজ তিন শিশুকে উদ্ধারে অভিযানে নামে ফায়ার সার্ভিস, কোস্টগার্ড ও নৌবাহিনী।