কক্সবাজারে দুই পক্ষের গোলাগুলি, ১৫ জন গুলিবিদ্ধ
কক্সবাজারের খুরুশকুলে জমিসংক্রান্ত বিরোধের জেরে দুই পক্ষের মধ্যে গোলাগুলিতে অন্তত ১৫ জন গুলিবিদ্ধ হয়েছেন। শুক্রবার দুপুরে খুরুশকুল ইউনিয়নের কুলিয়াপাড়ায় এ ঘটনা ঘটে।
গুলিবিদ্ধদের কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর।
স্থানীয়রা জানান, কুলিয়াপাড়ার ফারুক ও রাশেদের মধ্যে দীর্ঘদিন ধরে জমিসংক্রান্ত বিরোধ চলে আসছিল। এরই জেরে জুম্মার নামাজের পর দুইজনের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়।
.png)
ফারুকের অভিযোগ, কথা কাটাকাটির এক পর্যায়ে রাশেদের ভাই আবু সুফিয়ান ও তাদের পক্ষের মনজুরের ভাতিজা বাবু এলোপাতাড়ি গুলিবর্ষণ করে। গুলিতে তিনিসহ ১৫ জন গুলিবিদ্ধ হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে আসে। তাদের মধ্যে ইফতাদুল নামে একজনকে আশঙ্কাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
এ বিষয়ে অভিযুক্ত রাশেদের কোনো বক্তব্য পাওয়া যায়নি।
কক্সবাজার সদর হাসপাতালের আরএমও ডা. আশিকুর রহমান জানান, ১৫ জন গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন। দুইজনের অবস্থা আশঙ্কাজনক।
কক্সবাজার সদর মডেল থানার ওসি শেখ মুনীরুল গিয়াস জানান, সন্ধ্যার দিকে পুলিশের একটি দলকে ঘটনাস্থলে পাঠানো হয়েছে। তারা প্রতিবেদন দিলে বিস্তারিত জানা যাবে।