ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

বেপরোয়া গতিই কাল হলো দুই বন্ধুর, ঈদের আনন্দ রূপ নিল শোকে

তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি
প্রকাশিত: ০০:৪৫, ৪ মে ২০২২
বেপরোয়া গতিই কাল হলো দুই বন্ধুর, ঈদের আনন্দ রূপ নিল শোকে
দুর্ঘটনা কবলিত মোটরসাইকেল

সিরাজগঞ্জের তাড়াশে বেপরোয়া মোটরসাইকেল চালিয়ে আনন্দ করার সময় নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে দুই বন্ধু নিহত হয়েছেন। এ সময় আহত হন আরো এক বন্ধু।

মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে উপজেলার তাড়াশ-রানীর হাট আঞ্চলিক সড়কের পেঁঙ্গুয়ারি মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- তাড়াশ উপজেলার তালম ইউনিয়নের বড়ইচড়া গ্রামের আবু বক্কারের ছেলে ১৮ বছর বয়সী মেহেদী হাসান ও মো. জালাল উদ্দিনের ছেলে রাকিব হোসেন। আহতের নাম রনি ইসলাম।

Advertisement

মেহেদী ও রাকিব নাটোর জেলার সিংড়া উপজেলার বামিহাল রহমত ইকবাল ডিগ্রি কলেজ থেকে এবার এইচএসসি পরীক্ষায় অংশ নেয়ার কথা ছিল।

স্থানীয়রা জানায়, ঈদে আনন্দ করতে রাকিব ও রনিকে নিয়ে দুলাভাইয়ের মোটরসাইকেলে নিজ গ্রাম বড়ইচড়া থেকে তাড়াশের দিকে রওনা হন মেহেদী। এ সময় বেপরোয়া গতিতে মোটরসাইকেল চালাচ্ছিলেন তিনি। একপর্যায়ে তাড়াশ-রানীর হাট আঞ্চলিক সড়কের পেঁঙ্গুয়ারী মোড়ে এসে মোটরসাইকেলটি ঘোরাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে তিনজনই গুরুতর আহত হন।

পরে আশপাশের লোকজন তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে মেহেদীকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। রাত সোয়া ১০টার দিকে বগুড়া শজিমেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাকিব মারা যান। এছাড়া রনি শজিমেক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম বলেন, ঘটনাটি জানার পরপরই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!