পাবনায় গাছের সঙ্গে ট্রাকের ধাক্কা, নিহত ২
পাবনার ঈশ্বরদীতে তরমুজবোঝাই একটি ট্রাককে ওভারটেক করার সময় রাস্তায় ছিটকে পড়া মোটরসাইকেলটিকে বাঁচাতে গিয়ে গাছের সঙ্গে ট্রাকের ধাক্কায় দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরো তিনজন। তাদেরকে ঈশ্বরদী উপজেলা সাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে।
বৃহস্পতিবার (৫ মে) সকালে সলিমপুর ইউনিয়নের জয়নগর এলাকার চাঁদ আলির মোড় নামক স্থানে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন সলিমপুর ইউনিয়নের চরমিরকামারি গ্রামের সুজন হোসেনের ছেলে মেহেদী হাসান বিজয় ও ট্রাকের হেলপার।
.png)
ঈশ্বরদী ফায়ার সার্ভিসের পরিদর্শক অপু কুমার জানান, সকালে লালনশাহ সেতু রোডে কুষ্টিয়া হতে দাশুড়িয়া যাওয়ার সময় চাঁদ আলি মোড়ে তরমুজবোঝাই ট্রাককে ওভারটেক করতে গিয়ে একটি মোটরসাইকেল রাস্তায় ছিটকে পড়ে । এ সময় তাদের বাঁচাতে গিয়ে ট্রাকটি গাছের সঙ্গে ধাক্কা লেগে এ দুর্ঘটনা ঘটে।
ঈশ্বরদী উপজেলা সাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক মশিউর রহমান জানান, ঘটনার পরে ২ জনকে মুমূর্ষু অবস্থায় হাসপাতালে নিয়ে আসে। মূলত দুজনকে মৃত অবস্থায় নিয়ে আসা হয়েছে। আহত ৩ জনকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। তাদের মধ্যে একজনের অবস্থা গুরুতর।
ঈশ্বরদী হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশিস কুমার শ্যান্নাল জানান, ঘটনার সঙ্গে সঙ্গেই ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে লাশ উদ্ধার করে ফাঁড়িতে নিয়ে আসা হয়েছে। প্রাথমিকভাবে একজনের নাম-পরিচয় জানা গেছে। অপর নিহতের পরিচয় শনাক্তে কাজ করছে পুলিশ।