ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী মা-ছেলে নিহত
কুষ্টিয়া সদর উপজেলায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী মা ও ছেলে নিহত হয়েছেন। শুক্রবার সকালে উপজেলার বটতৈল বাইপাস মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিরা হলেন কুষ্টিয়া সদর উপজেলার বটতৈল ইউপির কবুরহাট গ্রামের নাজমুল ইসলামের স্ত্রী অঞ্জনা খাতুন ও তার ছেলে ইফতিয়াজ ইসলাম।
স্থানীয় ব্যক্তিরা জানান, শুক্রবার সকালে নিজ বাড়ি থেকে মোটরসাইকেলযোগে কুষ্টিয়া শহরে যাচ্ছিলেন মা ও ছেলে। পথে বটতৈল বাইপাস মোড়ে পৌঁছালে সামনে থেকে একটি ট্রাক তাদের ধাক্কা দেয়। এতে গুরুতর আহত অবস্থায় ছেলে ও মাকে উদ্ধার করে কুষ্টিয়া সদর হাসপাতালে পাঠানো হলে পথেই ছেলের মৃত্যু হয়। চিকিৎসাধীন অবস্থায় দুপুরে তার মায়েরও মৃত্যু হয়।
.png)
স্থানীয়রা জানান, মাঝেমধ্যেই এই এলাকায় দুর্ঘটনা ঘটে। দ্রুতগতিতে চলা বেপরোয়া ট্রাক মানুষের প্রাণ নিচ্ছে। প্রশাসন বেপরোয়া ট্রাকচালকদের নিয়ন্ত্রণে কোনো কার্যকর ব্যবস্থা গ্রহণ করেনি।
কুষ্টিয়া হাইওয়ে থানা পুলিশের ওসি ইদ্রিস আলী জানান, কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মা-ছেলের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ঘটনাস্থল থেকে ট্রাকটি উদ্ধার করা হয়েছে। তবে চালক পালিয়ে যাওয়ায় তাকে আটক করা সম্ভব হয়নি।