বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন ভূঁইয়া জানান, বেনাপোল কাস্টমস হাউজে একটি তালাবদ্ধ কক্ষে আগুন লাগে। পরে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস একটি টিম। আগুন নিয়ন্ত্রণে আনার পর পুড়ে যাওয়া মালামালের মধ্যে পরিত্যক্ত চারটি আগ্নেয়াস্ত্র দেখে পুলিশ।
সংশ্লিষ্টরা জানান, বেনাপোল কাস্টম হাউসে অ্যান্টি শাখার পাশে পুরোনো একটি অফিস কক্ষ রয়েছে। তবে সেটি ব্যবহারের অনুপোযোগী হয়ে পড়ায় অব্যবহৃত কিছু মালামাল রেখে তালাবদ্ধ অবস্থায় ছিল। রোববার সন্ধ্যায় ওই কক্ষে আগুনের ধোঁয়া দেখে ফায়ার সার্ভিস অফিসে ফোন দেয় কাস্টমস কর্তৃপক্ষ। পরে আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন ফায়ার সার্ভিসের কর্মীরা। এরপর পুলিশ ঘটনাস্থলে এসে দেখে পুড়ে যাওয়া পণ্যের সঙ্গে চারটি ওয়ান শুটার গান রয়েছে। তবে কারা সেগুলো সেখানে রেখেছে তা জানা যায়নি।
.png)
বেনাপোল কাস্টমসের যুগ্ম কমিশনার আব্দুর রশিদ মিয়া বলেন, অস্ত্রগুলো অনেক পুরোনো। তবে কীভাবে কক্ষে এলো তা পুলিশ তদন্ত করবে।
বেনাপোল পোর্ট থানার ওসি জানান, কাস্টমসের পরিত্যক্ত কক্ষ থেকে চারটি ওয়ান শুটার গান উদ্ধারের বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ।