ঢাকা,  সোমবার   ১৯ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

টেকনাফে স্বর্ণ-ইয়াবাসহ আটক ৭

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি
প্রকাশিত: ১৮:২৩, ১৩ মে ২০২২
টেকনাফে স্বর্ণ-ইয়াবাসহ আটক ৭
বিজিবির দমদমিয়া চেকপোস্ট- ফাইল ছবি

কক্সবাজারের টেকনাফে পৃথক অভিযানে সাতজনকে আটক করেছে বিজিবি। এ সময় ৪০ হাজার ৬০০ ইয়াবা, ২ লাখ ৩০ হাজার ২০০ মিয়ানমারের মুদ্রা (কিয়াত) ও ১৪ গ্রাম স্বর্ণ উদ্ধার করা হয়।

শুক্রবার ভোরে টেকনাফ সদর ইউনিয়নের বরইতলী ও হ্নীলা ইউনিয়নের দমদমিয়া চেকপোস্টে এসব অভিযান চালানো হয়।

আটককৃতরা হলো- বরইতলীর শফি উল্লাহ, তার স্ত্রী তৈয়বা বেগম, ছেলে আনোয়ার হোসাইন, তার স্ত্রী লাকি আক্তার ও হ্নীলা ইউনিয়নের উত্তর লেদা এলাকার পারভেজ, জালাল, রেদোয়ান।

টেকনাফ ২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শেখ খালিদ মোহাম্মদ ইফতেখার জানান, কেরুনতলীর নাফনদী সংলগ্ন একটি বাড়িতে মিয়ানমার থেকে পাচার করে আনা ইয়াবা মজুত রয়েছে- এমন সংবাদের ভিত্তিতে ঐ বাড়িতে অভিযানে চালিয়ে চারজনকে আটক করা হয়। পরে জিজ্ঞাসাবাদে তারা গ্যাস সিলিন্ডারের পাশে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ১০ হাজার ইয়াবা, ২ লাখ ৩০ হাজার ২০০ মিয়ানমারের মুদ্রা ও ১৪ গ্রাম স্বর্ণালংকারের কথা স্বীকার করে। এছাড়া তাদের দেওয়া তথ্য হ্নীলা ইউনিয়নের চৌধুরী পাড়া স্লুইসগেটে লুকানো অবস্থায় আরো ৩০ হাজার ইয়াবা উদ্ধার করা হয়।

এদিকে বৃহস্পতিবার রাত ৩টার দিকে দমদমিয়া চেকপোস্টে নিয়মিত যানবাহন তল্লাশিকালে কক্সবাজার থেকে টেকনাফগামী একটি সিএনজি অটোরিকশার তিন যাত্রীর দেহ তল্লাশি করে শরীরের বিভিন্ন অংশে অভিনব কায়দায় ফিটিং করা ৬০০ ইয়াবা, ৩টি মোবাইল উদ্ধার করা হয়। পরে সিএনজিসহ তাদের আটক করা হয়।

লেফটেন্যান্ট কর্নেল শেখ খালিদ মোহাম্মদ ইফতেখার জানান, উদ্ধারকৃত স্বর্ণ কক্সবাজার জেলা প্রশাসকের ট্রেজারি শাখায় জমা করা হয়েছে। এছাড়া ইয়াবা, মিয়ানমারের মুদ্রা ও সিএনজিসহ আটককৃতদের টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!