বন্ধু পরিচয়ে ডেকে নিয়ে ব্যবসায়ীর সর্বনাশ, গলা-পিঠে ছুরিকাঘাত
লক্ষ্মীপুরে মোবাইলে ডেকে নিয়ে দুই লাখ ছিনতাইয়ের পর কাপড় ব্যবসায়ী মুনসুরুল হককে গলা কেটে ও উপর্যুপরি ছুরিকাঘাতে হত্যার চেষ্টা করেছে দুর্বৃত্তরা।
জেলা সদরের আদিলপুর এলাকায় ঘটনাটি ঘটেছে। এ সময় দুর্বৃত্তরা তার কাছ থেকে নগদ প্রায় দুই লাখ টাকা ও মোবাইল ছিনিয়ে নিয়ে যায়। গুরুতর অচেতন অবস্থায় মুনসুরুল হককে শনিবার রাত সাড়ে ১০টার দিকে হাসপাতালে ভর্তি করেছেন স্বজনরা।
আহত মনসুরুল জেলা সদরের পৌর এলাকার বাঞ্চানগর ৬নং ওয়ার্ডের মৃত রফিক উল্যার ছেলে। তার অবস্থার অবনতিতে রাতে ঢাকা মেডিকেল হাসপাতালে স্থানান্তর করেন চিকিৎসক।
.png)
মেডিকেল সূত্র জানায়, তার গলায়, পিঠে বেশ কয়েকটি ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। তবে তার অবস্থা আশঙ্কামুক্ত নয়।
আহতের স্ত্রী সামছুন নাহার জানান, শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে নগদ দুই লাখ টাকা নিয়ে ব্যবসার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন মুনসুরুল হক। এরপর তার বন্ধু পরিচয়ে ফোন করার পর তিনি আদিলপুরে যান। এরপর আর ফিরে আসেননি। পরে আত্মীয়-স্বজনের সহযোগিতায় রাত সাড়ে ১০টার দিকে আদিলপুরের একটি বাগান থেকে উদ্ধারের পর গুরুতর অবস্থায় তাকে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তার অবস্থা সংকটাপন্ন।
সদর মডেল থানার ওসি জসীম উদ্দিন জানান, পুলিশ বিষয়টি তদন্ত করে দেখছে। তদন্ত সাপেক্ষে অপরাধীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।