সোমবার দুপুরে সিরাজগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ ১ম আদালতের বিচারক বেগম সালমা খাতুন এ রায় দেন।
যাজ্জীবন দণ্ডপ্রাপ্তরা হলেন এনায়েতপুর থানার খুকনী কান্দিপাড়া গ্রামের মো. রইচ উদ্দিন প্রামাণিকের ছেলে মো. আবদুর রহিম খলিফা, একই গ্রামের মৃত শুকুর আলী সরকারের ছেলে মো. আব্দুর রহমান ও মো. ওয়াজেদ আলীর ওরফে মধুর ছেলে মো. খুশি আলম ওরফে সাইফুল ইসলাম।
.png)
জেলা ও দায়রা জজ আদালতের এপিপি মো. শামছুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা যায়, জেলার এনায়েতপুর থানার রূপনাই (গাছপাড়া) গ্রামের ইয়াসিন মোল্লার ছেলে ইয়াকুব একই থানার খুকনী কান্দিপাড়া গ্রামের খুশি আলম ওরফে সাইফুল ইসলাম ও মো. আব্দুর রহিম খলিফার মেয়েদেরকে বিরক্ত করতো। সেই আক্রোশে ২০২০ সালের ৫ জানুয়ারি সন্ধ্যায় আবদুর রহিম খলিফা ও আব্দুর রহমান মিলে পরিকল্পিতভাবে ইয়াকুব আলীকে শ্বাসরোধ করে হত্যা করেন এবং তার লাশ গুম করার জন্য খুকনী ইউপির ইসলামপুর গ্রামে মো. নুরু হাজী ও আব্দুল কুদ্দুসের সরিষা ক্ষেতের সীমানায় ফেলে দেয়।
ঘটনার পরের দিন নিহত ইয়াকুব আলীর বাবা ইয়াসিন আলী এনায়েতপুর থানায় অজ্ঞাতনামা আসামিদের নামে একটি হত্যা মামলা দায়ের করেন। পরে হত্যা মামলায় মো. আব্দুর রহমান গ্রেফতার হওয়ার পর নিজেকেসহ এই হত্যাকাণ্ডে আরো দুইজনের জড়িত থাকার কথা স্বীকার করেন। পরে আদালতে ১৬৪ ধারায় নৃশংস হত্যাকাণ্ডের বর্ণনা দেন। দীর্ঘ সাক্ষ্য গ্রহণ শেষে আসামি খুশি আলম ওরফে সাইফুল ইসলাম ও মো. আব্দুর রহিম খলিফার উপস্থিতিতে অপর আসামি আব্দুর রহমানের অনুপস্থিতিতে আদালত এই রায় ঘোষণা করেন। পরে আসামি খুশি আলম ওরফে সাইফুল ইসলাম ও মো. আব্দুর রহিম খলিফাকে সাজা পরোয়ানা মূলে কারাগারে প্রেরণ করেন।
এপিপি মো. শামছুল আলম বলেন, আদালত দণ্ডপ্রাপ্তদের প্রত্যেককে ২০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরো ছয় মাস বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন। অপর ২০১ ধারায় প্রত্যেককে আরো সাত মাসের সশ্রম কারাদণ্ড এবং তিন হাজার টাকা অর্থদণ্ড ও অনাদায়ে আরো এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন।