সোমবার দুপুরে ফরিদপুরের পুলিশ সুপার কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার মো. জামাল পাশা।
গ্রেফতারকৃতরা হলেন ফরিদপুর শহরের ডোমরাকান্দি এলাকার জাহাঙ্গীর ইসলামের পুত্র জাহিদুল ইসলাম ও কবিরপুর এলাকার আফসার উদ্দিন মোল্যার পুত্র আবুল হোসেন মোল্যা।
.png)
প্রেস ব্রিফিংয়ে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সুমন রঞ্জন সরকার ও কোতোয়ালি থানার ওসি এমএ জলিলসহ মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই শামীম হাসান উপস্থিত ছিলেন।
তারা জানান, সিসি ফুটেজ বিশ্লেষণ করে প্রযুক্তির সহায়তায় প্রতারকদের শনাক্ত করা সম্ভব হয়। সোমবার দুপুরে গ্রেফতারকৃত আসামিদের আদালতে সোপর্দ করা হয়েছে।
এএসপি জামাল পাশা জানান, গত ৮ মে ফরিদপুরের মধুখালী উপজেলার মির্জাকান্দি গ্রামের অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষক মো. হাতেম মোল্যা ফরিদপুর পোস্ট অফিস থেকে পেনশনের ১০ লাখ টাকা তুলেন। একটি ব্যাগের মধ্যে ওই টাকা নিয়ে বাড়ির ফেরার জন্য অটোরিকশায় চেপে পৌছেন শহরের রাজবাড়ী রাস্তার মোড়ে। সেখানে মধুখালীগামী লোকাল বাসে উঠার পর তিনি টাকার ব্যাগের চেইন খোলা দেখতে পান। আরেকটু নজর দিয়ে দেখেন ব্যাগের টাকাগুলোও হাওয়া। এ ঘটনায় তিনি পরেরদিন কোতোয়ালি থানায় অজ্ঞাতনামাদের বিরুদ্ধে একটি চুরি মামলা দায়ের করেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই শামীম হাসান ও মাসুদ ফকিরের নেতৃত্বে পুলিশের বিভিন্ন পর্যায়ের সদস্যরা জড়িতদের অনুসন্ধানে নামেন। সিসি ক্যমেরার ফুটেজ সংগ্রহ করে প্রযুক্তির সহায়তায় তারা বিভিন্নভাবে অপরাপর বিভিন্ন ফুটেজের সঙ্গে সেখানকার ফুটেজের ক্রস চেক করে জড়িত তিনজনকে শনাক্ত করতে সক্ষম হন। পরিচয় নিশ্চিত হওয়ার পরে রোববার ২২ মে রাত সাড়ে বারোটার দিকে প্রথমে ডোমরাকান্দি হতে জাহিদুলকে গ্রেফতার করা হয়। পরে তার দেয়া তথ্যে কবিরপুর থেকে আবুল আটক করা হয়। এরপর তাদের কাছ হতে খোয়া যাওয়া ১০ লাখ টাকা উদ্ধার হয়।
জামাল পাশা বলেন, আসামিরা খুবই ধুরন্ধর। অটোরিকশায় যাত্রীবেশে যাওয়ার সময় বিভিন্ন কথার ছলে স্কুল শিক্ষক হাতেম মোল্যাকে অমনোযোগী করে ব্যাগের চেইন খুলে তারা টাকা হাতিয়ে চম্পট দেয়। এই চক্রের সদস্যরা আন্ত:জেলা চোর, পকেটমার ও প্রতারণায় জড়িত। দেশের বিভিন্ন জেলায় অভিনব কায়দায় এরা এসব অপরাধ সংঘটিত করে থাকে। এদের বিশেষ টার্গেট এই বয়স্ক পেনশনভোগী বয়স্ক ব্যক্তি ও নারী; যারা সরকারি পোস্ট অফিস থেকে টাকা তুলতে গেলে এদের শিকার হন। সুযোগমতো পোস্ট অফিস বা তার বাইরে ব্যাংকে বা বাড়ি ফেরার পথে যানবাহনে ব্লেড দিয়ে ব্যাগ চিড়ে বা অন্য কায়দায় টাকা হাতিয়ে নেয়।