ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

৮০ ভরি স্বর্ণ লুট, পুলিশ উদ্ধার করল ৮৮ ভরি

কুমিল্লা প্রতিনিধি
প্রকাশিত: ২১:৪২, ২৫ মে ২০২২
৮০ ভরি স্বর্ণ লুট, পুলিশ উদ্ধার করল ৮৮ ভরি
উদ্ধারকৃত স্বর্ণ ও আটককৃত দুইজন- ছবি: ডেইলি বাংলাদেশ

কুমিল্লার দাউদকান্দিতে ডিবি পুলিশ পরিচয়ে একদল দুর্বৃত্ত লুট করল ৮০ ভরি স্বর্ণ। এ ঘটনায় পুলিশ অভিযান চালিয়ে মাত্র তিন ঘণ্টায় ৮৮ ভরি ৫ আনা স্বর্ণ উদ্ধার ও দুইজনকে গ্রেফতার করেছে।

বুধবার বিকেলে কুমিল্লার পুলিশ সুপারের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) এম তানভীর আহমেদ।

আটককৃত দুইজন হলেন- দাউদকান্দি উপজেলার সাহাপাড়ার রাজিব কর্মকার মিঠু ও নোয়াখালীর উত্তর হাজিপুর গ্রামের তপু কর্মকার।

Advertisement

অতিরিক্ত পুলিশ সুপার এম তানভীর আহমেদ জানান, মঙ্গলবার সকাল সাড়ে ৮টায় নোয়াখালী থেকে গলিত স্বর্ণ নিয়ে ঢাকার উদ্দেশ্য রওনা দেন নোয়াখালীর নরোত্তমপুরের অভিজিৎ কুড়ি। পথে ডিবি পুলিশ পরিচয়ে তাকে তুলে নিয়ে যায় একদল দুর্বৃত্ত। পরে তার কাছে থাকা ৮০ ভরি স্বর্ণ লুট করে তাকে হাত-পা বেঁধে দাউদকান্দি উপজেলার পুটিয়া এলাকায় ফেলে যায়।

তিনি আরো জানান, খবর পেয়ে অভিজিৎকে উদ্ধার করে পুলিশ। এরপর অভিযান চালিয়ে দাউদকান্দির সাহাপাড়া থেকে প্রথমে রাজিব কর্মকারকে আটক করা হয়। পরে তার দেওয়া তথ্যে চাঁদপুরের উত্তর মতলবের বাগান বাড়ি থেকে তপু কর্মকারকে আটক করা হয়। তার কাছে লুণ্ঠিত ৮০ ভরিসহ আরো ৮ ভরি ৫ আনা স্বর্ণ পাওয়া যায়। আটককৃত দুজনই স্বর্ণ লুটের কথা স্বীকার করেছে।

লুট হওয়া স্বর্ণের মালিক দেব রাজ জানান, আটককৃত রাজিব কর্মকার তার মামাতো ভাই। দোকানে থাকা অবস্থায় চুরিসহ নানা অপরাধমূলক কাজ করত। এ কারণে তাকে দোকান থেকে বের করে দেন দেব রাজ। সেই ক্ষোভে সে স্বর্ণ লুটের পরিকল্পনা করে।

অতিরিক্ত পুলিশ সুপার (দাউদাকান্দি সার্কেল) মো. ফয়েজ ইকবাল জানান, লুটের ঘটনায় অন্যদের ধরতে অভিযান চলছে। বুধবার রাতে আটককৃত দুইজনের বিরুদ্ধে মামলা করা হবে। বৃহস্পতিবার তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!