ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

পা হলো ছিন্নভিন্ন, আম-কাঁঠাল নিয়ে যাওয়া হলো না মেয়ের বাড়ি

লক্ষ্মীপুর প্রতিনিধি
প্রকাশিত: ২৩:০৬, ২৫ মে ২০২২
পা হলো ছিন্নভিন্ন, আম-কাঁঠাল নিয়ে যাওয়া হলো না মেয়ের বাড়ি
ফাইল ছবি

আম ও কাঁঠাল নিয়ে মেয়ের বাড়িতে যাচ্ছিলেন বৃদ্ধা সুফিয়া বেগম। সড়কের পাশে দাঁড়িয়ে ছিলেন তিনি। এ সময় সড়ক ফাঁকা দেখে রাস্তা পার হচ্ছিলেন। হঠাৎ করে বেপরোয়া গতির মিনিবাস বৃদ্ধাকে চাপা দিয়ে চলে যায়।

বুধবার দুপুর ১২টার দিকে রায়পুর-লক্ষ্মীপুর আঞ্চলিক মহাসড়কের শ্রমিক বিড়ি কারখানার সামনে প্রধান সড়কে এ ঘটনা ঘটে। স্থানীয় লোকজন আহত বৃদ্ধাকে উদ্ধার করে রায়পুর সরকারি হাসপাতালে নেন। অবস্থার অবনতি হওয়ায় ঢাকা মেডিকেলে নেয়ার পথে তিনি মারা যান।

নিহত সুফিয়া বেগম বামনী ইউপির শিবপুর  গ্রামের ছানা উল্লাহর স্ত্রী। বিকেল ৫টার দিকে নিহতের ছেলে মাসুদ হোসেন মৃত্যুর খবর নিশ্চিত করেন।

Advertisement

তিনি জানান, দুর্ঘটনার পর তার মা সুফিয়াকে রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। পরে তাকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় নেয়া হলে চিকিৎসাধীন অবস্থায় বিকেল সাড়ে ৪টার সময় তিনি মারা যান।

রায়পুর সরকারি হাসপাতালের ডিউটি ডা. তাহমিনা আক্তার রুমা জানান, সড়ক দুর্ঘটনায় মারাত্মক জখম অবস্থায় বৃদ্ধাকে নিয়ে আসে লোকজন। তার মাথার খুলি বের হয়ে, দুই পা ছিন্নভিন্ন, বুকে খুবই খুবই আঘাতপ্রাপ্ত হন। তাকে দ্রুত ঢাকায় পাঠানো হয়েছিল।

রায়পুর থানার এসআই আবদুল কুদ্দুস জানান, দুর্ঘটনার সংবাদ শুনেছি। নিহত বৃদ্ধার স্বজনরা মামলা করলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!