ভাসানচর থেকে পালানোর সময় দালালসহ ৫ রোহিঙ্গা আটক
নোয়াখালীর হাতিয়ার ভাসানচর আশ্রয়ণ প্রকল্প থেকে পালানোর সময় এক দালালসহ পাঁচ রোহিঙ্গাকে আটক করেছেন এলাকাবাসী। শুক্রবার সকালে আটককৃত দালালকে মানব পাচার আইনে ভাসানচর থানায় দায়েরকৃত মামলায় গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানো হয়েছে। আটককৃত রোহিঙ্গাদের পুনরায় ভাসানচর আশ্রয়ণ কেন্দ্রে পাঠানো হবে।
আটককৃত রোহিঙ্গারা হলেন- ভাসানচর আশ্রয়ণ কেন্দ্রের ৮৫ নম্বর ক্লাস্টারের নুরুল আলমের ছেলে ইলিয়াস, ৬৪ নম্বর ক্লাস্টারের আমান উল্যার ছেলে হাফিজ উল্যা, ৫৯ নম্বর ক্লাস্টারের মো. হাছানের ছেলে ইলিয়াছ, ৭৩ নম্বর ক্লাস্টারের অলি মোল্লার ছেলে আবু রায়হান ও ৮৬ নম্বর ক্লাস্টারের নুরুল ইসলামের ছেলে জাহাঙ্গীর আলম।
আটককৃত দালাল জসিম উদ্দিন সুবর্ণচর উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের চর মোজাম্মেল গ্রামের আবদুল হাশেমের ছেলে।
.png)
এর আগে বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার মোহাম্মদপুর ইউনিয়ন থেকে স্থানীয়রা তাদের আটক করেন। পরে আটককৃত দালালসহ রোহিঙ্গাদের পুলিশে সোপর্দ করা হয়।
বিষয়টি নিশ্চিত করে চরজব্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউল হক বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃত রোহিঙ্গারা জানান টাকার বিনিময়ে দালাল জসিমের মাধ্যমে তারা ভাসানচর থেকে কক্সবাজার যাওয়ার উদ্দেশ্যে সুবর্ণচর আসেন।
ওসি আরো বলেন, বৃহস্পতিবার সন্ধ্যায় সুবর্ণচর উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের আক্তার মিয়ার হাট এলাকায় কয়েকজন যুবককে ঘোরাঘুরি করতে দেখা যায়। বিষয়টি স্থানীয়দের সন্দেহ হলে তাদের জিজ্ঞাসাবাদ করেন। এতে তারা নিজেদের রোহিঙ্গা বলে স্বীকার করেন। এ সময় তাদের সঙ্গে থাকা দালাল জসিম উদ্দিনকে আটক করা হয়। রাতে ছনখোলা পুলিশ ক্যাম্পের মাধ্যমে তাদের চরজব্বার থানায় হস্তান্তর করা হয়।