ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

তরুণীকে ধর্ষণচেষ্টা দেখে চিৎকার দিতে গিয়ে প্রাণ গেল পাহারাদারের

লক্ষ্মীপুর প্রতিনিধি
প্রকাশিত: ০৮:৪৭, ৪ জুন ২০২২
তরুণীকে ধর্ষণচেষ্টা দেখে চিৎকার দিতে গিয়ে প্রাণ গেল পাহারাদারের
ফাইল ছবি

লক্ষ্মীপুরের রামগঞ্জ বাস টার্মিনাল এলাকায় এক তরুণীকে (২২) বাস থেকে নামিয়ে ধর্ষণচেষ্টা করা হয়েছে। এ ঘটনা দেখতে পেয়ে চিৎকার দিতে গিয়ে টার্মিনালের পাহারাদার মো. শাহজাহানের (৪৮) মৃত্যু হয়েছে।

শুক্রবার (৩ জুন) রাত ৮টার দিকে বাস টার্মিনাল এলাকায় এ ঘটনা ঘটে।

রামগঞ্জ থানার ওসি এমদাদুল হক জানান, চিৎকার করার কারণে হৃদরোগে আক্রান্ত হয়ে পাহারাদার শাহজাহানের মৃত্যু হয়েছে। ধর্ষণচেষ্টার ঘটনায় একজনকে আটক করা হয়েছে। মামলার প্রস্তুতি চলছে।

Advertisement

ভুক্তভোগী তরুণী জানিয়েছেন, নোয়াখালীর চাটখিল থেকে সোনাপুর যাওয়ার জন্য তিনি জননী বাসে ওঠেন। রামগঞ্জে এসে ভুল বুঝতে পারেন। বিষয়টি চালক ও তার সহযোগীকে জানালে তাকে নোয়াখালীর বাসে তুলে দেওয়ার আশ্বাস দিয়ে বাসে অপেক্ষা করতে বলেন। একপর্যায়ে ২ যুবক তাকে তুলে নিয়ে ধর্ষণচেষ্টা করেন। বাধা দিলে হেলপারকে মারধর করা হয়। তার কাছে থাকা ৩ হাজার টাকাও নিয়ে যায়।

জননী বাস সার্ভিসের চালকের সহযোগী (হেলপার) আজাদ হোসেন জানান, এমরান হোসেন (২৬) নামের এক ব্যক্তি তার সহযোগীকে নিয়ে তরুণীকে জোরপূর্বক বাস থেকে নামিয়ে নিয়ে যান। শুক্রবার রাত ৮টার দিকে তাকে নামিয়ে বাস টার্মিনালের পেছনে টয়লেটের পাশে নিয়ে ধর্ষণচেষ্টা করা হয়। এ সময় টার্মিনালের পাহারাদার শাহজাহানসহ কয়েক ব্যক্তি ঘটনাস্থলে পৌঁছলে সহযোগীসহ এমরান পালিয়ে যান।

শাহজাহান চিৎকার করার একপর্যায়ে অচেতন হয়ে পড়েন। তাকে উদ্ধার করে স্থানীয় লোকজন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথেই মৃত্যু হয় বলে চিকিৎসক জানিয়েছেন।

খবর পেয়ে রামগঞ্জ পৌরসভার প্যানেল মেয়র মামুনুর রশিদ আকন্দ ও রামগঞ্জ থানার এসআই দিবাকর রায় ঘটনাস্থলে যান। পরে তরুণীকে উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!