ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

৭ ঘণ্টা বন্ধ থাকার পর ঢাকা-ফরিদপুর রুটে বাস চলাচল শুরু

ফরিদপুর প্রতিনিধি
প্রকাশিত: ২১:৫০, ৬ জুন ২০২২
৭ ঘণ্টা বন্ধ থাকার পর ঢাকা-ফরিদপুর রুটে বাস চলাচল শুরু
ছবি: সংগৃহীত

ফরিদপুর-ঢাকা অভ্যন্তরীণ রুটের বাস চলাচল ৭ ঘণ্টা বন্ধ থাকার পর চালু হয়েছে। সোমবার সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বাস চলাচল বন্ধ থাকে।

 আগামী ১১ জুন পর্যন্ত বাস ধর্মঘট স্থগিতের সিদ্ধান্ত হয়। বিকেল ৪টা থেকে সব রুটে বাস চলাচল শুরু হয়।   

বোয়ালমারী থেকে ফরিদপুরের উদ্দেশে ছেড়ে আসা লোকাল বাস সকাল ৯টার দিকে মাঝকান্দি পৌঁছালে যাত্রী উঠানো নিয়ে বাসের হেলপারের সঙ্গে সেখানে দাঁড়িয়ে থাকা মাহেন্দ্র চালক আব্দুল মজিদের কথাকাটাকাটি হয়। এ সময় মাহেন্দ্রর চালক বাসের হেলপার রাসেলকে লাঠি দিয়ে পিটিয়ে আহত করে এবং বাসের জানালার কাচ ভেঙে ফেলে। 

Advertisement

এ ঘটনার পর বিক্ষুব্ধ বাস শ্রমিকরা সকাল সোয়া ৯টা থেকে জেলা থেকে সকল পরিবহন চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়। এ ঘটনার নিরসনে বাসের মালিক ও শ্রমিক ইউনিয়নের নেতারা পরবর্তী সিদ্ধান্তের জন্য দফায় দফায় বৈঠক করে।

বাংলাদেশ শ্রমিক ফেডারেশনের সাংগঠনিক সম্পাদক ও ফরিদপুর মটর ওয়ার্কার্স ইউনিয়নের সভাপতি মো. জুবায়ের জাকির বলেন, মাহেন্দ্র চালকেরা দীর্ঘদিন মহাসড়কে সমস্যা সৃষ্টি করছে। এর একটা সমাধান হওয়া জরুরি। সমস্যা সমাধানের আশ্বাস দেওয়ায় শ্রমিকরা বাস চলাচল চালু করেছে। 

তিনি আরো বলেন, আগামী ১১ জুন সকালে বৈঠকের আয়োজন করা হয়েছে। ওই বৈঠকে চূড়ান্ত সিদ্ধান্ত হবে। ১১ জুন পর্যন্ত শ্রমিকদের কাছ থেকে সময় নেওয়া হয়েছে। ওই দিন পর্যন্ত তারা বাস চলাচল স্বাভাবিক রাখবে। 

ফরিদপুর মটর ওয়ার্কার্স ইউনিয়নের সাধারণ সম্পাদক গোলাম মো. নাছির বলেন, মাহেন্দ্র চালককে পুলিশ আটক করেছে। এ ঘটনায় মধুখালী থানায় মামলা দায়ের করা হবে। ১১ জুন সকলে মিলে সিদ্ধান্ত নেওয়া হবে থ্রি-হুইলার কোন সড়কে চলতে পারবে, কোন সড়কে চলতে পারবে না। ওই দিন সমাধান না হলে বাস চলাচল বন্ধ করে দেওয়া হবে।

মধুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শহিদুল ইসলাম বলেন, মাহেন্দ্র চালক আব্দুল মজিদ মিয়াকে দুপুরে আটক করা হয়েছে। মামলার বিষয়টি প্রক্রিয়াধীন। 

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
ট্যাগ: ফরিদপুর
লিংক সফলভাবে কপি হয়েছে!