ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

কিশোরগঞ্জে নৌকাডুবি, নিখোঁজ ৩

কিশোরগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ২২:৪৪, ১৩ জুন ২০২২
কিশোরগঞ্জে নৌকাডুবি, নিখোঁজ ৩
কিশোরগঞ্জ জেলার মানচিত্র: ফাইল ফটো

কিশোরগঞ্জের হাওর উপজেলা ইটনায় নৌকাডুবির ঘটনা ঘটেছে। এতে তিনজন নিখোঁজ রয়েছেন। সোমবার (১৩ জুন) দুপুরে উপজেলার বড়িবাড়ি ইউনিয়নে এনশহিলার হাওরে এ ঘটনা ঘটে। রাতে কিশোরগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আবুজর গিফারী বিষয়টি নিশ্চিত করেছেন।

নিখোঁজরা হলেন- কিশোরগঞ্জের তাড়াইল উপজেলার দামিহা ইউনিয়নের মো. মোস্তফার ছেলে মো. মাসুদ (২৫), করিমগঞ্জের হালগড়া গ্রামের মৃত আব্দুল আজিজের ছেলে সিরাজ উদ্দিন (৬০) ও একই এলাকার মৃত সওদাগরের ছেলে ওয়াসিম (৩৫)।

বড়িবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুস ছাত্তার ও কিশোরগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. আবুজর গিফারী জানান, হাওরে জাগ দেওয়ার জন্য গাছের ডালপালা নিয়ে সকালে একটি নৌকায় করে জেলার তাড়াইল উপজেলার দামিহা এলাকা থেকে ইটনার সদর ইউনিয়নের বেতেগার উদ্দেশ্যে যাত্রা করেন পাঁচজন। দুপুরে বড়িবাড়ী ইউনিয়নের এনশহিলার হাওরে নৌকাটি পৌঁছালে প্রবল বাতাসের মুখে পড়ে। বাতাসের তীব্রতায় নৌকাটি উল্টে যায়। এ সময় দুইজন সাঁতরে পাড়ে ওঠে যান। কিন্তু তিনজন তলিয়ে যান। 

Advertisement

খবর পেয়ে কিশোরগঞ্জ ফায়ার সার্ভিসের চার সদস্যের একটি দল বিকেল সাড়ে ৫টার দিকে ঘটনাস্থলে আসে। ডুবুরি দল রাত সাড়ে ৮টা পর্যন্ত অভিযান চালিয়েও তাদের কোনো খোঁজ পায়নি। রাত হয়ে যাওয়ায় উদ্ধার অভিযান বন্ধ করে দিয়েছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। আগামীকাল সকালে আবার উদ্ধার অভিযান শুরু হবে। 

ইটনা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাফিসা আক্তার জানান, নৌকাডুবিতে তিনজন নিখোঁজ রয়েছেন। নৌকায় পাঁচজন থাকলেও দুইজন সাঁতরে পাড়ে উঠেছেন। ফায়ার সার্ভিসের ডুবুরি দল নিখোঁজদের উদ্ধারে চেষ্টা চালিয়ে যাচ্ছে।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!