এর আগে, সোমবার রাত ১১টার দিকে জীবননগর উপজেলার পেয়ারাতলা ফুলতলা মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
আহতরা হলেন- দামুড়হুদা উপজেলার সুলতানপুর গ্রামের আব্দুল মোমিনের ছেলে ২০ বছর বয়সী শিপ্লব হোসেন, সদর উপজেলার রাঙ্গিয়ারপোতা গ্রামের রফিকুল ইসলামের ছেলে ২২ বছরের আল আমিন ও জীবননগর উপজেলার মনোহরপুর গ্রামের সোহেল রানার স্ত্রী ৪০ বছরের পুনারা বেগম।
.png)
পুলিশ জানায়, সোমবার রাতে উপজেলার ফুলতলার মোড়ে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে পুনারা বেগমকে ধাক্কা দেন শিপ্লব ও আল আমিন। এতে তিনজনই গুরুতর আহত হন। তাদের উদ্ধার করতে গেলে দুই তরুণের শরীরে ফেনসিডিল দেখে পুলিশকে জানায় স্থানীয়রা। পরে তাদের শরীর থেকে বিশেষ কায়দায় লুকানো ৮১ বোতল ফেনসিডিল উদ্ধার করে পুলিশ। এরপর তিনজনকেই জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। অবস্থার অবনতি হলে দুই তরুণকে সদর হাসপাতালে ও নারীকে কুষ্টিয়া মেডিকেলে রেফার্ড করেন চিকিৎসক।
জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল খালেক বলেন, মঙ্গলবার সকালে অভিযুক্তদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। তারা সুস্থ হলেই আদালতে তোলা হবে।