হাতিয়ায় মাছ ধরার ট্রলারসহ ১৮ জেলে আটক
সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে সমুদ্রে মাছ ধরার অপরাধে নোয়াখালীর হাতিয়ায় একটি মাছ ধরার ট্রলারসহ ১৮ জন জেলেকে আটক করেছে কোস্ট গার্ড। এ সময় তাদের কাছ থেকে ৪০০ কেজি সামুদ্রিক মাছ উদ্ধার করা হয়েছে।
শুক্রবার দুপুরে উপজেলার চরচেঙ্গা এলাকার নদী থেকে তাদের আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আটককৃতদের ১০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে। এছাড়া উদ্ধারকৃত মাছ নিলামে বিক্রি করে দেওয়া হয়েছে।
হাতিয়া কোস্ট গার্ড জানায়, দেশের মৎস্য সম্পদের সুরক্ষা ও মাছের বংশবিস্তারে সাগরে মাছ ধরার ওপর ৬৫ দিনের নিষেধাজ্ঞা জারি করেছে সরকার। নিষেধাজ্ঞা বাস্তবায়নে হাতিয়ার চরচেঙ্গা সংলগ্ন সামুদ্রিক এলাকায় অভিযান চালায় কোস্ট গার্ড দক্ষিণ জোনের একটি দল। নিষেধাজ্ঞা অমান্য করে সমুদ্রে মৎস্য আহরণ করা অবস্থায় ১টি ইঞ্জিন চালিত কাঠের বোটসহ ১৮ জন জেলেকে আটক করা হয়।
.png)
এ সময় তাদের ট্রলার থেকে ৪০০ কেজি সামুদ্রিক মাছ উদ্ধার করা হয়। পরবর্তীতে হাতিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সেলিম হোসেনের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে আটককৃত ১৮ জন জেলেকে ১০ হাজার টাকা জরিমানা করে ছেড়ে দেওয়া হয়। একইসঙ্গে উদ্ধারকৃত মাছ নিলামে বিক্রি করা হয়েছে।