ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ছেলের হাতে বাবা খুন, দেড় বছর পর রহস্য উদঘাটন

টাঙ্গাইল প্রতিনিধি
প্রকাশিত: ২০:২৫, ৪ জুলাই ২০২২
ছেলের হাতে বাবা খুন, দেড় বছর পর রহস্য উদঘাটন
গ্রেফতার আসিফ

টাঙ্গাইলের মির্জাপুরে দেড় বছর পর ক্লুলেস হত্যা মামলার রহস্য উদঘাটন করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। জমি নিয়ে বিরোধের জেরে বাবা হযরত আলীকে হত্যা করেন ছেলে জাহাঙ্গীর। আর লাশ গুমে সহায়তা করেন নিহতের নাতি আসিফ।

সোমবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন টাঙ্গাইল পিবিআইয়ের পুলিশ সুপার মোহাম্মদ সিরাজ আমিন। এর আগে, রোববার রাতে নিহতের নাতি আসিফকে গ্রেফতার করেছে পিবিআই। ১৮ বছর বয়সী আসিফ দেলদুয়ার উপজেলার লাউহাটি গ্রামের নজরুল ইসলামের ছেলে।

পিবিআইয়ের পুলিশ সুপার মোহাম্মদ সিরাজ আমিন বলেন, ২০২১ সালের ৩ মার্চ সকালে মির্জাপুর উপজেলার দেওভোগ দক্ষিণপাড়ার একটি পুকুর থেকে হযরত আলীর ভাসমান লাশ উদ্ধার করে পুলিশ। প্রথমে ঘটনাটি পুলিশ তদন্ত করলেও সম্প্রতি তদন্ত শুরু করে পিবিআই। তদন্তের একপর্যায়ে তথ্যপ্রযুক্তি ব্যবহার করে নিহতের নাতি আসিফকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের পর পুরো ঘটনা তুলে ধরেন আসিফ।

Advertisement

তিনি বলেন, জমি নিয়ে দীর্ঘদিন ধরে হযরত আলীর সঙ্গে জাহাঙ্গীর মোল্লার দ্বন্দ্ব ছিল। এ নিয়ে তাদের প্রায়ই ঝগড়া হতো। মূলত এ কারণেই এ হত্যাকাণ্ড ঘটেছে। মায়ের কথামতো ২০২১ সালের ২২ ফেব্রুয়ারি হযরত আলীর বাড়িতে যান আসিফ। ওইদিন দুপুরে খাওয়া-দাওয়ার পর জাহাঙ্গীরকে নিজের সঙ্গে পুকুর পরিষ্কার করার জন্য যেতে বলেছিলেন হযরত আলী। কিন্তু জাহাঙ্গীর পুকুর পরিষ্কার করতে যাননি। এ সময় ছেলে জাহাঙ্গীরকে বকাবকি করেন বাবা। এ নিয়ে তাদের ঝগড়াও হয়। পরে সন্ধ্যায় নাতি আসিফ ও বড় ছেলে জাহাঙ্গীরকে নিয়ে মাছ ধরার জন্য পুকুরে যান হযরত আলী। তখন জাহাঙ্গীরের সঙ্গে একটি কাঠের লাঠি ছিল।

তারা সবাই টর্চলাইট জ্বালিয়ে পুকুরের মাছ ধরছিলেন। একপর্যায়ে বাবাকে লাঠি দিয়ে মাথায় আঘাত করে হত্যা করেন জাহাঙ্গীর। এ সময় আসিফকে বিষয়টি নিয়ে কাউকে কিছু বলতে নিষেধ করেন। একই সঙ্গে লাশ গুম করার জন্য সহযোগিতা করতে বলেন। লাশ গুম করতে সহযোগিতা না করলে তাকেও হত্যা করার হুমকি দেন জাহাঙ্গীর। পরে বাবার লাশ পুকুরের একপাশে কচুরিপানা দিয়ে ঢেকে রাখেন। এরই মধ্যে এ হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে গ্রেফতার হয়ে টাঙ্গাইল কারাগারে রয়েছেন নিহতের বড় ছেলে জাহাঙ্গীর মোল্লা।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!