মঙ্গলবার সন্ধ্যায় ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঐ ছাত্রের লাশ উদ্ধার করে। মৃত শরিফ উপজেলার গাবসারা ইউনিয়নের মেঘারপটল গ্রামের ফরহাদ হোসেনের ছেলে। সে ঘাটাইল উপজেলার আথাইল শিমুল উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র।
এর আগে সোমবার ঈদ উপলক্ষে গাবসারা ইউনিয়নের মেঘারপটল গ্রামের কয়েকজন বন্ধুর সঙ্গে যমুনা নদীতে নৌকাযোগে পিকনিকে যায় শরিফুল ইসলাম। পিকনিক শেষে রাতে বাড়ি ফেরার পথে চরাঞ্চলের ভদ্রশিমুল এলাকায় পৌঁছালে পিকনিকের নৌকা থামিয়ে শরিফ ও তার বন্ধুরা নদীতে গোসল করতে নামে। এক পর্যায়ে শরিফ পানিতে ডুবে নিখোঁজ হয়। পরে তার বন্ধুরা অনেক খোঁজাখুঁজি করে সন্ধান না পেয়ে পরিবারের লোকজনকে বিষয়টি জানায়। পরিবারের লোকজনও ঘটনাস্থলে গিয়ে খোঁজাখুঁজি করে ব্যর্থ হন। নিখোঁজের একদিন পর ঐ ছাত্রের লাশ উদ্ধার করে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।
.png)
ভূঞাপুর থানার ওসি মুহাম্মদ ফরিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, উপজেলার গাবসারা ইউনিয়নের যমুনা নদীর ভদ্রশিমুল অংশ থেকে ঐ স্কুলছাত্রের লাশ উদ্ধার করেছে ভূঞাপুর ফায়ার সার্ভিসের ডুবুরি দল। দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত চেষ্টা চালিয়ে লাশ উদ্ধার করা হয়। আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।