ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

রোহিঙ্গাদের মধ্যে বহুবিয়ের হিড়িক, মানছে না আইন

কক্সবাজার প্রতিনিধি
প্রকাশিত: ১৮:১৩, ১৩ জুলাই ২০২২
রোহিঙ্গাদের মধ্যে বহুবিয়ের হিড়িক, মানছে না আইন
রোহিঙ্গা ক্যাম্প: ফাইল ফটো

কক্সবাজারের উখিয়া টেকনাফ  শরণার্থী ক্যাম্পে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের মধ্যে বহুবিয়ের হিড়িক পড়েছে। একটি বেসরকারি সংস্থার জরিপ রিপোর্টে এ তথ্য উঠে এসেছে।

২০১৭ সালে লাখ লাখ রোহিঙ্গা মিয়ানমার থেকে পালিয়ে বাংলাদেশে আসে। ক্যাম্পের দিনগুলোতে তাদের জীবনযাপনে যেমন পরিবর্তন এসেছে, তেমনি পারিবারিক জীবনেও ফেলেছে নেতিবাচক প্রভাব। একাধিক সংস্থার প্রতিবেদনে বলা হয়, বহুবিয়ের প্রথা রোহিঙ্গাদের মধ্যে আগে থেকে চালু থাকলেও মিয়ানমারের আইনি কাঠামোয় এ ধরনের কর্মকাণ্ডে জড়ানো কঠিন ছিল। বিভিন্ন এনজিও এবং জাতিসংঘের প্রতিবেদনে দেখা যাচ্ছে, বাংলাদেশে আসার পর ক্যাম্পে গত পাঁচ বছরে এই প্রবণতা বেড়েছে।

মিয়ানমারে বিয়ের নিবন্ধনের জন্য রোহিঙ্গাদের কয়েকটি ধাপ অতিক্রম করতে হতো। সর্বশেষ  ২০১৫ সালে মিয়ানমার একবিবাহ আইন পাস করে শুধুমাত্র মুসলিমদের জন্য। একাধিক বিয়ের বিষয়টি প্রমাণিত হলে সর্বোচ্চ সাত বছরের জেলের শাস্তি রাখা হয় আইনে। 

Advertisement

বিশ্লেষকদের মতে, মূলত মুসলিমদের জন্যই এই আইন করেছিল মিয়ানমার। কিন্তু বাংলাদেশে আসার পর ক্যাম্পের ভেতরে আইনের এত বাধ্যবাধকতা কিংবা কঠোরতায় তাদের পড়তে হচ্ছে না। তাই তারা এখানে যত খুশি বিয়ে করছে।

রোহিঙ্গাদের ছড়িয়ে পড়া ঠেকাতে বাংলাদেশ সরকার বাঙালিদের সঙ্গে রোহিঙ্গাদের বিয়ে নিষিদ্ধ করেছে। ২০১৪ সালের ১৪ জুলাই আইন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত একটি পরিপত্র জারি করা হয়। পরিপত্রে কোনো কাজী রোহিঙ্গাদের বিয়ে নিবন্ধন করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ারও নির্দেশ দেওয়া হয়।

এ বিষয়ে কক্সবাজারের শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার কার্যালয়ের অতিরিক্ত শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার (উপসচিব) মোহাম্মদ সামছু-দ্দৌজা বলেন, রোহিঙ্গারা এগুলো লুকিয়ে করে। অধিকাংশ ক্ষেত্রে আমাদের জানার উপায় থাকে না। বহুবিয়ের প্রবণতা তাদের মধ্যে আগে থেকেই আছে।

একজন ক্যাম্প ইনচার্জ বলেন, আমাদের প্রচলিত আইনে দ্বিতীয় বিয়ের ক্ষেত্রে প্রথম স্ত্রীর অনুমতি লাগে। অনুমতি না থাকলে কখনোই আবার বিয়ে করা যায় না। অনুমতি নিয়ে বিয়ে নিবন্ধনের আবেদন রোহিঙ্গা ক্যাম্পে আমি পাইনি।

ক্যাম্পের অধিকাংশ রোহিঙ্গার সংসার চলে ত্রাণের অর্থে। সেক্ষেত্রে সংসার চালাতে খুব একটা কাজ করতে হয় না ক্যাম্পের পুরুষদের। বিশ্লেষকরা বলছেন, শিবিরে বহুবিয়ের এটি অন্যতম কারণ।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!