বগুড়ায় দুই বাসের সংঘর্ষে প্রাণ গেল ৩ জনের
বগুড়ার শেরপুর উপজেলায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে এক নারীসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ৯ জন। হতাহত সবাই বাসযাত্রী।
শুক্রবার বিকেল সাড়ে ৩টার দিকে ওই উপজেলার ঢাকা-বগুড়া মহাসড়কের ঘোগাবটতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিকভাবে হতাতহতদের নাম-পরিচয় পাওয়া যায়নি।
এ তথ্য নিশ্চিত করেন শেরপুর হাইওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ (ইন্সপেক্টর) একেএম বানিউল আনাম। তিনি জানান, দুই বাসের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে দুইজন ও পরবর্তীতে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর আরো একজনের মৃত্যু হয়।
.png)
তিনি আরো জানান, নওগাঁ থেকে ছেড়ে আসা নওগাঁ ট্রাভেলস নামে একটি বাস ঢাকা যাচ্ছিল। পথে শেরপুরের ঘোগাবটতলা এলাকায় ঢাকা থেকে ছেড়ে আসা আখি পরিবহন নামের বাসের সঙ্গে ওই বাসটির সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই এক নারীসহ দুইজন নিহত হন। আহতদের উদ্ধার করে শজিমেক হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আরো একজনের মৃত্যু হয়। এ ঘটনায় ৯ জন আহত অবস্থায় শজিমেক হাসপাতালে চিকিৎসাধীন।
বগুড়ার ছিলিমপুর (মেডিকেল) পুলিশ ফাঁড়ির ইনচার্জ (ইন্সপেক্টর) বেলাল হোসেন জানান, হাসপাতালে মারা যাওয়া বাসযাত্রীর লাশ মর্গে আছে। আহতরা চিকিৎসাধীন।