ঢাকা,  রোববার   ০৮ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

সাপ্তাহিক ছুটিতেও বিরতিহীনভাবে ছুটবে সিল্কসিটি

রাজশাহী প্রতিনিধি
প্রকাশিত: ১৫:১৮, ২১ জুলাই ২০২২
সাপ্তাহিক ছুটিতেও বিরতিহীনভাবে ছুটবে সিল্কসিটি
ফাইল ছবি

২৫ থেকে ২৭ জুলাই রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) চলবে ভর্তি যুদ্ধ। আর এ কারণে সিল্কসিটি এক্সপ্রেস ট্রেনের সাপ্তাহিক ছুটি বাতিল ঘোষণা করেছে রেল কর্তৃপক্ষ। এতে করে আগামী রোববার (২৪ জুলাই) সাপ্তাহিক ছুটির দিনেও ঢাকা থেকে যাত্রীদের নিয়ে সরাসরি রাজশাহী যাবে ট্রেনটি।

বুধবার (২০ জুলাই) প্রতিবেদককে বিষয়টি নিশ্চিত করেছেন পশ্চিমাঞ্চল রেলওয়ের মহাব্যবস্থাপক (এমডি) অসীম কুমার তালুকদার।

তিনি বলেন, রাবি ভর্তি পরীক্ষা আগামী ২৫ থেকে ২৭ জুলাই পর্যন্ত চলবে। স্বাভাবিকভাবেই অভিভাবকসহ সব পরীক্ষার্থী রাজশাহীমুখী হবেন। এতে বাড়তি চাপ বাড়বে ট্রেনে। আবার অনেকেই ট্রেন বা বাস না পেয়ে পরীক্ষা দিতে ব্যর্থ হবেন। রাবি পরীক্ষার্থীদের বাড়তি চাপ মোকাবিলার কারণেই রাজশাহীগামী সিল্কসিটি ট্রেনের সাপ্তাহিক ছুটি বাতিল করা হয়েছে। শুধু তাই নয়, এছাড়া চাপ সামলাতে রাজশাহীগামী অন্য ট্রেনেও বাড়তি কোচ যুক্তের প্রক্রিয়াও চলছে বলে জানিয়েছেন পশ্চিমাঞ্চল রেলের এ কর্মকর্তা।

রাজশাহী স্টেশন ম্যানেজার আব্দুল করিম বলেন, বুধবার (২০ জুলাই) ট্রেনের টিকিট না পেয়ে শিক্ষার্থীরা ঢাকা বিমানবন্দর রেলস্টেশনে বিক্ষোভ করেছে। এতে তিন ঘণ্টা বন্ধ ছিল রেল চলাচল। এ কারণে ঢাকার সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বিচ্ছিন্ন ছিল। এ ঘটনার পরপরই রেলওয়ে কর্তৃপক্ষ দ্রুত এ সিদ্ধান্ত নেয়।

রাজশাহী স্টেশনের প্রধান বুকিং সহকারী আব্দুল মোমিন বলেন, রোববারের সিল্কসিটি এক্সপ্রেস ট্রেনটির ছুটি বাতিলের কারণে শিক্ষার্থী ও সাধারণ যাত্রীদের সুবিধা হবে ঠিকই। কিন্তু রাজশাহী থেকে ঢাকাসহ অন্যান্য স্থানের যাত্রীদের চাপ অতিরিক্তভাবে বেড়ে যাবে। বাড়তি চাপ হওয়ার সম্ভাবনার কারণে বাড়তি কোচও সংযোজন করা হবে বলে জানিয়েছে উর্ধ্বতন কর্তৃপক্ষ।

পশ্চিমাঞ্চল রেলওয়ের মহাব্যবস্থাপক অসীম কুমার তালুকদার বলেন, রাবিতে ভর্তিচ্ছু শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের বিষয়ে আমরা বিশেষ দৃষ্টি রাখছি। ওইদিন ট্রেনটি কেবল ঢাকা থেকে যাত্রী নিয়ে বিরতিহীনভাবে সরাসরি রাজশাহী চলে আসবে।

এছাড়া পরীক্ষার সময়টায় প্রতিটি ট্রেনেই আমরা দু’একটি করে অতিরিক্ত কোচ যুক্ত করার জন্য পরিকল্পনাও করেছি। শিক্ষার্থীদের সুবিধার্থে সামর্থ্যের মধ্যে থেকে যতটুকু সম্ভব তা চেষ্টা করা হবে।

উল্লেখ্য, আগামী ২৫ জুলাই ‘সি’ ইউনিটের (বিজ্ঞান) পরীক্ষা অনুষ্ঠিত হবে। চার শিফটে এই ইউনিটের পরীক্ষা নেয়া হবে। প্রথম শিফটের পরীক্ষা সকাল ৯টা থেকে শুরু হয়ে শেষ হবে ১০টায়। দ্বিতীয় শিফটের পরীক্ষা বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত। তৃতীয় শিফটের পরীক্ষা দুপুর ১টা থেকে ২টা পর্যন্ত এবং সবশেষ বিকেল সাড়ে ৩টা থেকে সাড়ে ৪টা পর্যন্ত চতুর্থ শিফটের পরীক্ষা নেয়া হবে।

দ্বিতীয় দিন ২৬ জুলাই ‘এ’ ইউনিটের (মানবিক) পরীক্ষাও চার শিফটে অনুষ্ঠিত হবে। প্রথম শিফটের পরীক্ষা সকাল ৯টা থেকে ১০টা, দ্বিতীয় শিফট বেলা ১১টা থেকে দুপুর ১২টা, তৃতীয় শিফট দুপুর ১টা থেকে ২টা এবং বিকেল সাড়ে ৩টা থেকে সাড়ে ৪টা পর্যন্ত চতুর্থ শিফটের পরীক্ষা অনুষ্ঠিত হবে।

শেষ দিন ২৭ জুলাই ‘বি’ ইউনিটের (বাণিজ্য) ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এই অনুষদের পরীক্ষা তিনটি শিফটে অনুষ্ঠিত হবে। প্রথম শিফট সকাল ৯টা থেকে ১০টা পর্যন্ত। যেখানে শুধু বাণিজ্য বিভাগের শিক্ষার্থীরা পরীক্ষা দিতে পারবেন। দ্বিতীয় শিফটে বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা পরীক্ষা দেবেন। সর্বশেষ তৃতীয় শিফটে দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত মানবিক বিভাগের শিক্ষার্থীরা পরীক্ষা দেবেন।

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!