নষ্ট-ত্রুটিপূর্ণ পণ্য সরবরাহ করায় দারাজকে জরিমানা
নষ্ট ও ত্রুটিপূর্ণ পণ্য সরবরাহ করার অভিযোগ প্রমাণিত হওয়ায় জরিমানা গুনতে হলো অনলাইন মার্কেট প্লেস দারাজকে।
মঙ্গলবার দুপুরে দীর্ঘ শুনানি শেষে অভিযোগ প্রমাণ হওয়ায় দারাজকে ৪০ হাজার টাকা জরিমানা দেওয়ার আদেশ প্রদান করেন হবিগঞ্জ ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের সহকারী পরিচালক দেবানন্দ সিনহা।
আদেশ প্রদানকালে ভোক্তভুগী ও অভিযোগকারী তারেক হাবিব ও অভিযুক্ত প্রতিষ্ঠানের পক্ষে উপস্থিত ছিলেন, দারাজ বাংলাদেশ লিমিটেড হবিগঞ্জের ইনচার্জ মাহবুব আলম।
.png)
হবিগঞ্জ ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের সহকারী পরিচালক দেবানন্দ সিনহা জানান, গত ১৭ জুন তারেক হাবিব নামে এক যুবক হবিগঞ্জ দারাজ বাংলাদেশ লিমিটেড থেকে একটি পণ্য অর্ডার করেন। ২১ জুলাই তিনি পণ্যটি গ্রহন করেন। কিন্তু দারাজ বাংলাদেশ লিমিটেড থেকে একটি নষ্ট ও ত্রুটিপূর্ণ পণ্য সরবরাহ করা হয়। এর প্রেক্ষিতে ভোক্তা অধিদফতরে অভিযোগ দেন তারেক হাবিব।
দেবানন্দ সিনহা জানান, আজ উভয়পক্ষের উপস্থিতিতে শুনানি শেষে অভিযুক্ত প্রতিষ্ঠানের হবিগঞ্জের ইনচার্জ মাহবুব আলম নিজেদের দোষ স্বীকার করেন। পরে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে দারাজকে ৪০ হাজার টাকা জরিমানা আরোপ করা হয়। আগামী ৫ কার্যদিবসের মধ্যে অভিযুক্ত প্রতিষ্ঠান এ জরিমানার টাকা পরিশোধ করবে।