ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

‘লাল পতাকা’ দেখেও থামেননি মাইক্রোচালক

চট্টগ্রাম ও মীরসরাই প্রতিনিধি
প্রকাশিত: ১৭:০৬, ২৯ জুলাই ২০২২
‘লাল পতাকা’ দেখেও থামেননি মাইক্রোচালক
দুর্ঘটনাস্থলে প্রত্যক্ষদশীরা

লাল পতাকা উচিয়ে লাইনে উঠতে বারণ করেছিলেন গেটম্যান। কিন্তু সেই কথা শোনেননি মাইক্রোচালক। এর ফলেই বড় ধরনের এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে রেল কর্তৃপক্ষ।

শুক্রবার দুপুর দেড়টার দিকে চট্টগ্রামের মীরসরাই উপজেলার বড়তাকিয়া রেলস্টেশন এলাকায় ট্রেনের ধাক্কায় এখন পর্যন্ত মাইক্রোবাসের ১১ যাত্রী নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এছাড়া আহত পাঁচজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

হতাহতদের সবার বাড়ি হাটহাজারীর আমানবাজার ও আশপাশের এলাকায়। তারা সবাই একটি কোচিং সেন্টারের শিক্ষার্থী বলে জানা গেছে।

Advertisement

স্থানীয়রা জানায়, ঢাকা থেকে ছেড়ে আসা মহানগর প্রভাতী ট্রেন পর্যটকবাহী মাইক্রোবাসটিকে ধাক্কা দেয়। এতে মাইক্রোবাসের ১১ জন যাত্রী নিহত হন। এছাড়া আহত হন আরো কয়েকজন। তারা সবাই খৈয়াছড়া ঝরনা দেখে ফিরছিলেন।

এদিকে, এ ঘটনায় পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে রেলওয়ে। বিভাগীয় পার্সোনেল অফিসার (ভারপ্রাপ্ত) আনছার আলীকে আহ্বায়ক করে এ কমিটি গঠন করা হয়েছে।

বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপক মুহম্মদ আবুল কালাম চৌধুরী বলেন, চট্টগ্রাম থেকে ঢাকামুখী মহানগর আপ যাচ্ছিল। একই সময় ঢাকা থেকে ছেড়ে আসা মহানগর প্রভাতীও মীরসরাই বড়তাকিয়া এলাকায় একইস্থান পারাপার হচ্ছিল। মহানগর আপ ট্রেনটি যাওয়ার আগে ক্রসিংয়ের গেটে থাকা বাঁশ নামিয়েছিলেন লাইনম্যান। এ সময় মহানগর আপ বড়তাকিয়া ক্রস করার সঙ্গে সঙ্গে মাইক্রোবাসটি বাঁশ উঠিয়ে লাইনে উঠে পড়ে। চট্টগ্রামমুখী ট্রেনটি আসার আগেই চলে যেতে পারবেন বলে ভেবেছিলেন তারা। কিন্তু লাইনে ওঠার সঙ্গে সঙ্গে প্রভাতী ট্রেনটি চলে আসে এবং মাইক্রোবাসকে ধাক্কা দেয়।

রেলের এ কর্মকর্তা আরো বলেন, ঘটনার সময় গেটম্যান উপস্থিত ছিলেন। তিনি বারবার লাল পতাকা উচিয়ে লাইনে উঠতে বারণ করলেও মাইক্রোচালক শোনেননি। তার অবহেলার কারণেই এত বড় দুর্ঘটনা ঘটেছে। এ ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হয়েছে। বাকি বিষয় তদন্তে জানা যাবে।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!