টেকনাফে দুই যুবককে অপহরণ করে মুক্তিপণ দাবি
কক্সবাজারের টেকনাফে বাড়ি থেকে ডেকে নিয়ে দুই যুবককে অপহরণ করেছে রোহিঙ্গা সন্ত্রাসীরা।
শুক্রবার রাত ১১টার দিকে এ অপহরণের ঘটনা ঘটে। শনিবার রাত ১১টা পর্যন্ত ওই দুইজনের কোনো সন্ধান পাওয়া যায়নি। তবে শনিবার সন্ধ্যায় ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি করেছে তারা।
অপহৃতরা হলেন- টেকনাফ উপজেলার শামলাপুর ইউপির ৯ নম্বর ওয়ার্ডের নোয়াহালী পাড়ার মো. ইলিয়াসের ছেলে মোহাম্মদ মুমিনুল এবং একই পাড়ার মোহাম্মদ ইসমাইলের ছেলে মোহাম্মদ নূর।
.png)
অপহৃত মুমিনুলের বাবা ইলিয়াস বলেন, শুক্রবার রাত ১১টার দিকে আমার বাড়িতে কয়েকজন ব্যক্তি এসে দরজা খুলতে বলেন। দরজা খুললে কথা আছে বলে তারা আমার ছেলেকে ডেকে পাহাড়ের দিকে নিয়ে যান। বিষয়টি আমি প্রতিবেশীদের জানাই। তখন প্রতিবেশী ইসমাইল জানান তার ছেলেকেও নিয়ে গেছেন তারা।
তিনি আরো বলেন, ঘটনার পর থেকে ছেলের সন্ধান পাইনি। শনিবার সন্ধ্যায় আমার মোবাইলে কল দিয়ে রোহিঙ্গা সন্ত্রাসী আলিয়াকিন গ্রুপ পরিচয় দিয়ে ১০ লাখ টাকা দাবি করে। টাকা দিলে ছেলেকে জীবিত ফিরিয়ে দেবে। বিষয়টি র্যাব-পুলিশকে জানালে প্রাণে মারার হুমকি দেয় তারা।’
মোহাম্মদ নূরের বাবা ইসমাইল জানান, শুক্রবার রাত ১১টার দিকে তার ছেলেকে বাড়ি থেকে তুলে নিয়ে যায় রোহিঙ্গা সন্ত্রাসীরা। এরপর রোহিঙ্গা সন্ত্রাসী আলিয়াকিন গ্রুপ পরিচয় দিয়ে তার কাছেও ছেলের মুক্তির জন্য টাকা দাবি করা হয়েছে।
শামলাপুর পুলিশ ফাঁড়ির এসআই নূর মোহাম্মদ বলেন, রোহিঙ্গা সন্ত্রাসীরা দুই বাংলাদেশিকে অপহরণ করে মুক্তিপণ দাবি করেছে। পাহাড়ি এলাকা হওয়ায় সেখানে অভিযান চালানো কঠিন। তবু তাদের উদ্ধারের চেষ্টা চলছে।'
শামলাপুর ইউপির ৯ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য (মেম্বার) ইলিয়াস হোসেন বলেন, শুক্রবার রাত ১১টার দিকে রোহিঙ্গা সন্ত্রাসী আলিয়াকিন গ্রুপের সদস্যরা আমার ওয়ার্ডের দুই বাসিন্দাকে অপহরণ করে নিয়ে গেছে। তাদের এখনও খোঁজ পাইনি।
টেকনাফ মডেল থানার ওসি হাফিজুর রহমান বলেন, অপহৃতদের উদ্ধারের চেষ্টা চালিয়ে যাচ্ছে পুলিশ। একইসঙ্গে অপহরণকারীদেরও গ্রেফতারের চেষ্টা চলছে।