নোয়াখালীতে নববধূর লাশ উদ্ধার
নোয়াখালীর সেনবাগে বিয়ের তিন মাসের মাথায় শাহরিয়ার ইসলাম অবনি নামে এক নববধূ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।
শনিবার বিকেলে সেনবাগ পৌরসভার অষ্টদ্রোন গ্রামের দরগা সংলগ্ন একটি পরিত্যক্ত বাড়িতে এ ঘটনা ঘটে। রোববার সকালে লাশ ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যাবিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়।
নিহত অবনি ঐ গ্রামের সাইফুল ইসলামের মেয়ে এবং কাদরা ইউনিয়নের ভাটিরচর গ্রামের যোবায়ের স্ত্রী। তিন মাস আগে প্রেমের সম্পর্কে অবনি ও যোবায়ের বিয়ে হয়েছিল।
.png)
স্থানীয়রা জানান, খবর পেয়ে পুলিশ শনিবার রাতে অবনির লাশ পিতার বাড়ি থেকে উদ্ধার করে থানায় নিয়ে আসে এবং রোববার সকালে ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করে। শনিবার বিকেলে পিতার বাড়ির পাশে একটি পরিত্যক্ত ঘরের আড়ার সঙ্গে ফাঁস দেন। পরে অবনিকে দেখতে না পেয়ে তার মা খোঁজাখুঁজি শুরু করে। একপর্যায়ে বাড়ির পার্শ্ববর্তী ঐ ঘরে গিয়ে দেখেন অবনি ফাঁস দিয়ে ঝুলছে।
সেনবাগ থানার ওসি ইকবাল হোসেন পাটোয়ারী জানান, এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে পরবর্তী আইনি ব্যবস্থা নেয়া হবে।