নিখোঁজের ৩ দিন পর যুবকের বস্তাবন্দি লাশ উদ্ধার
কুষ্টিয়ার ভেড়ামারায় নিখোঁজের তিনদিন পর লোকমান হোসেন নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার উপজেলা শহরের ভেড়ামারা হাই স্কুল গলি থেকে তার বস্তাবন্দি লাশ উদ্ধার করা হয়। লোকমান হোসেন কুষ্টিয়া শহরের চৌড়হাস মোড় এলাকার সাইদুর রহমানের ছেলে। তিনি একটি বেসরকারি কোম্পানিতে কুষ্টিয়ার এরিয়া ম্যানেজার হিসেবে কর্মরত ছিলেন।
স্থানীয়রা জানান, গত রোববার (৩১ জুলাই) লোকমান হোসেন কোম্পানির প্রয়োজনীয় কাজসহ টাকা কালেকশনের উদ্দেশ্যে বের হন। ঐদিন দুপুরের দিকে ভেড়ামারা-লাগপুর সড়ক সংলগ্ন ভেড়ামারা হাইস্কুল ও দর্শন হার্ডওয়ারের সামনে থেকে নিখোঁজ হন। এরপর রাত থেকে তার ব্যবহৃত মোবাইল নম্বরটি বন্ধ পান স্বজনরা। এ ঘটনায় মঙ্গলবার ভেড়ামারা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। বুধবার সকালে ভেড়ামারা হাইস্কুল সংলগ্ন গলিতে একটি বস্তা দেখে থানায় খবর দেন স্থানীয়রা। পরে ঐ বস্তা খুলে লোকমানের লাশ উদ্ধার করে পুলিশ।
.png)
নিহতের স্বজনরা বলেন, লোকমান হোসেনকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। হত্যাকারীদের দ্রুত গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।
বিষয়টি নিশ্চিত করে ভেড়ামারা থানার ওসি মজিবুর রহমান বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। তদন্ত শেষে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।