ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

রাজাপুরে হাতুড়ি দিয়ে পিটিয়ে ব্যবসায়ীর টাকা ছিনতাই

ঝালকাঠি প্রতিনিধি
প্রকাশিত: ১৯:৫৪, ৩ আগস্ট ২০২২
রাজাপুরে হাতুড়ি দিয়ে পিটিয়ে ব্যবসায়ীর টাকা ছিনতাই
চিকিৎসাধীন ব্যবসায়ী মিজানুর রহমান- ছবি: ডেইলি বাংলাদেশ

ঝালকাঠির রাজাপুর উপজেলায় হাতুড়ি দিয়ে পিটিয়ে এক ব্যবসায়ীর টাকা ছিনতাইয়ের অভিযোগ উঠেছে।

বুধবার দুপুরে এ ঘটনার অভিযোগ পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। এর আগে, সোমবার রাতে রাজাপুর উপজেলা দক্ষিণ সাতুরিয়া গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগী ব্যবসায়ী মিজানুর রহমান মঙ্গলবার সকালে রাজাপুর থানায় লিখিত অভিযোগ দেন। তিনি আহত অবস্থায় রাজাপুর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

মিজানুর রহমান বলেন, উপজেলায় শিয়ালকাঠি চৌরাস্তার মোড়ে ক্রোকারিজ, গ্যাস সিলিন্ডার এবং বিকাশের ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে সোমবার রাত ১১টার দিকে দক্ষিণ সাতুরিয়া নিজ বাড়িতে ফিরছিলাম। ঐ দিন বিকেলে প্রতিবেশী খাইরুলের কাছে পাওনা টাকা চাইলে তিনি রাতে দেওয়ার কথা জানান। বাড়িতে ঢোকার পূর্বে খাইরুল সামনে উপস্থিত হয়ে মোবাইলে ফ্লেক্সিলোড চান। এ সময় মোবাইল বের করে ফ্লেক্সিলোড দিতে গেলেই খাইরুল তার পিছন থেকে হাতুড়ি বের করে এলোপাতাড়ি পিটানো শুরু করে। এ সময় খাইরুল আমার ব্যাগে থাকা লক্ষাধিক টাকা হাতিয়ে নেয়। স্থানীয়রা ছুটে এসে আমাকে উদ্ধার করলে হামলাকারী দৌড়ে পালিয়ে যান।

Advertisement

এ ঘটনায় রাজাপুর থানায় মঙ্গলবার সকালে লিখিত অভিযোগ দিলে এএসআই আলাউদ্দিন তদন্তের দায়িত্বপ্রাপ্ত হন। বুধবার দুপুরে সরেজমিন পরিদর্শন শেষে তিনি জানান, দক্ষিণ সাতুরিয়া গ্রামে হামলার ঘটনায় একজন আহত হয়েছেন। আহত ব্যক্তির দাবি এক লাখ টাকা ছিনিয়ে নেয়া হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনানুগ ব্যবস্থা  প্রক্রিয়াধীন রয়েছে।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!