নোয়াখালীতে এজেন্ট ব্যাংকের ১৯ লাখ টাকা ছিনতাই
নোয়াখালীর চৌমুহনী পৌরসভা এলাকা থেকে ডাচ ব্যাংলা ব্যাংক এজেন্ট ব্যাংকের ১৯ লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। সোমবার (২০ জুন) দুপুর ১২টা ২০মিনিটের দিকে উপজেলার চৌমুহনী পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের আড়িয়া বাড়ি পোল সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
চৌমুহনী ডাচ ব্যাংলা ব্যাংক এজেন্ট ব্যাংক মাস্টার এজেন্ট সাইফুল বাসার বলেন, প্রত্যেক উপজেলায় ডাচ বাংলা ব্যাংকিংয়ের একটি করে মাস্টার এজেন্ট পয়েন্ট থাকে। আমরা বেগমগঞ্জ উপজেলার ডাচ বাংলা ব্যাংক এজেন্ট ব্যাংকিংয়ের মাস্টার এজেন্ট পয়েন্ট। আমরা সব স্থানীয় ডাচ ব্যাংলা ব্যাংক এজেন্ট পয়েন্টগুলোতে টাকা সরবরাহ করে থাকি। প্রতিদিনের মতো চৌমুহনী ডাচ ব্যাংলা ব্যাংক এজেন্ট ব্যাংকিংয়ের মাস্টার এজেন্টের ১৯ লাখ টাকা ব্যাংক থেকে উত্তোলন করে ডি.এসআর মোজাম্মেল হক জামসেদ।
টাকাগুলো উত্তোলন করে সে স্থানীয় ডাচ ব্যাংলা ব্যাংক এজেন্ট পয়েন্টগুলোতে বিতরণ করার উদ্দেশ্যে মোটরসাইকেল যোগে যাচ্ছিলেন। যাত্রা পথে সে চৌমুহনী পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের আড়িয়া বাড়ি পোল সংলগ্ন এলাকায় পৌঁছালে তিনজন যুবক মোটরসাইকেল যোগে এসে তার গতিরোধ করে ১৯ লাখ টাকা ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়।
.png)
বেগমগঞ্জ থানার ওসি মীর জাহেদুল হক রনি বলেন, অভিযোগ পেয়ে ঘটনাস্থলে পুলিশ রয়েছে। পুলিশ বিষয়টি অভিযোগের আলোকে গুরুত্বের সঙ্গে তদন্ত করছে।
ওসি আরো বলেন, ছিনতাইয়ের শিকার এজেন্ট ব্যাংকিংয়ের ডি.এসআর বলছে তার মোটরসাইকেলকে গতিরোধ করে পেছন দিক থেকে তিন যুবক তার কাছ থেকে ১৯ লাখ টাকা ছিনিয়ে নেয়। ছিনতাইয়ের বিষয়টি এখনো পুরোপুরি পরিষ্কার নয়। তদন্তে ভিন্ন কথা আসছে। তদন্ত শেষে এ বিষয়ে বিস্তারিত জানা যাবে।
অতিরিক্ত পুলিশ সুপার ( বেগমগঞ্জ সার্কেল) মো.নাজমুল হাসান রাজীব বলেন, অভিযোগ পেয়ে আমি নিজেই তদন্ত করতে ঘটনাস্থলে যাচ্ছি। তদন্ত শেষে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।