বুধবার বিকেলে মেহেরপুর শহরের স্টেডিয়াম পাড়া এলাকার প্রগতি ক্লিনিকের সামনে এ ছিনতাইয়ের ঘটনা ঘটে।
মেহেরপুর বিশেষ শাখার উপপরিদর্শক (এসআই ) সোহেল রানা জানান, বীর মুক্তিযোদ্ধা বেগম সালেহা মেহেরপুর প্রধান ডাকঘর থেকে সঞ্চয়ের টাকা সংগ্রহ করে বাড়িতে ফিরছিলেন। এ সময় কালু ও রুবেল নামের দুই ছিনতাইকারী তার হাতে থাকা ব্যাগটি ছিনিয়ে নিয়ে পালিয়ে যাচ্ছিল। বীর মুক্তিযোদ্ধা বেগম সালেহার চিৎকারে এলাকাবাসী এগিয়ে আসে। মেহেরপুর জেলা পুলিশের বিশেষ শাখার এসআই সোহেল এবং এসআই ইব্রাহিম স্থানীয়দের সাহায্যে কালুকে আটক করেন। আটক কালু মেহেরপুর শহরের গোরস্থান পাড়ার রবিউল ইসলামের ছেলে এবং পলাতক রুবেল একই এলাকার মঈন ড্রাইভারের ছেলে।
.png)
বেগম সালেহা বলেন, পোস্ট অফিস থেকে ১০ হাজার টাকা তুলে ব্যাগের ভেতর নিয়ে হেঁটে যাচ্ছিলাম। এ সময় ঐ দু’জন ছিনতাইকারী আমার ব্যাগটি ছিনিয়ে নিয়ে পলিয়ে যাওয়ার সময় চিৎকার দিলে লোকজন ছুটে আসে। পরে পুলিশের দুজন সদস্য একজনকে আটক করেছেন এবং অপর একজন ছিনতাইকারী আমার টাকা নিয়ে পালিয়ে যায়।
এসআই সোহেল রানা আরো জানান, আটক কালুর বিরুদ্ধে ডাকাতি ও ছিনতাইসহ বিভিন্ন অভিযোগে সদর থানায় একাধিক মামলা রয়েছে। এ ঘটনায় পলাতক আসামি রুবেলকে আটক এবং টাকা উদ্ধারের জন্য পুলিশ মাঠে নেমেছে।