ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

নারায়ণগঞ্জে গুলি করে ২৫ লাখ টাকা ছিনতাই

নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১৭:৪০, ৪ সেপ্টেম্বর ২০২১
নারায়ণগঞ্জে গুলি করে ২৫ লাখ টাকা ছিনতাই
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে শনিবার দুপুর ২টার দিকে কয়েক রাউন্ড গুলি করে এক ব্যবসায়ীর ২৫ লাখ টাকা ছিনিয়ে নিয়েছে মোটরসাইকেল আরোহী একদল ছিনতাইকারী

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে শনিবার দুপুর ২টার দিকে কয়েক রাউন্ড গুলি করে এক ব্যবসায়ীর ২৫ লাখ টাকা ছিনিয়ে নিয়েছে মোটরসাইকেল আরোহী একদল ছিনতাইকারী। এ সময় গুলিবিদ্ধ হয়েছেন এক পথচারী। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সানারপাড় এলাকায় পিডিকে সিএনজি পাম্পের সামনে এ ঘটনা ঘটে।

আড়াইহাজার থানার নানান্দী এলাকার ব্যবসায়ী জয়নাল আবেদীন বলেন, ঢাকা মতিঝিল এলাকার একটি এক্সচেঞ্জ থেকে ২৫ লাখ টাকা তুলে চাচাতো ভাই মেহেদী হাসানকে সঙ্গে নিয়ে আড়াইহাজার যাওয়ার উদ্দেশে মোটরসাইকেলে করে রওনা দিই।

তিনি বলেন, সিদ্ধিরগঞ্জের সাইনবোর্ড পৌঁছালে চারটি মোটরসাইকেল আরোহী একদল ছিনতাইকারী আমাকে ঘেরাও করে টাকার ব্যাগ দিয়ে দিতে বলে। তখন আমি মোটরসাইকেলের গতি বাড়িয়ে সানারপাড় পিডিকে সিএনজি পাম্পের সামনে যাওয়ার পর ছিনতাইকারীরা আমাকে ধরে ফেলে।

Advertisement

ওই ব্যবসায়ী বলেন, টাকার ব্যাগ ছিনিয়ে নেওয়ার সময় আমি চিৎকার করলে একজন মোটরসাইকেল আরোহী এগিয়ে আসলে ছিনতাইকারীরা কয়েক রাউন্ড গুলি করে। একটি গুলি ওই পথচারীর হাঁটুতে লাগলে তিনি সড়কে পড়ে যান।

তিনি বলেন, টাকার ব্যাগ নিয়ে ছিনতাইকারীরা দ্রুতগতিতে মোটরসাইকেল চালিয়ে শিমরাইল মোড়ের দিকে চলে যায়। পরে আশপাশের লোকজন এগিয়ে এসে আহত পথচারীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। তার পরিচয় জানা যায়নি।

খবর পেয়ে সিদ্ধিরগঞ্জ থানার ওসি মশিউর রহমান ও পরিদর্শক (তদন্ত) সাইফুল ইসলামসহ পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেন।

ওসি মশিউর রহমান জানান, ছিনিয়ে নেওয়া চারটি মোবাইল উদ্ধার করা হয়েছে। টাকা ও ছিনতাইকারীদের আটকে অভিযান অব্যাহত রয়েছে।

ডেইলি-বাংলাদেশ/জেএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!