ডাস্টবিন থেকে পাওয়া সেই নবজাতকের ঠাঁই ‘ছোটমণি নিবাস’
সাভারের আশুলিয়ায় ডাস্টবিন থেকে জীবিত উদ্ধার হওয়া নবজাতকটিকে চিকিৎসা শেষে সরকারি শিশু সদন ছোটমণি নিবাসে পাঠানো হবে।
বৃহস্পতিবার সকালে বিষয়টি জানিয়েছেন সাভার উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. শিবলীজ্জামান।
তিনি বলেন, আমাদের পক্ষ থেকে শিশুটির চিকিৎসাসেবা সম্পন্ন করা হবে। চিকিৎসা শেষে নিয়ম অনুযায়ী তাকে ঢাকার ছোটমণি নিবাসে পাঠানো হবে। ছোটমণি নিবাস সমাজকল্যাণ মন্ত্রণালয়ের আওতাধীন ও সমাজকল্যাণ অধিদফতর কর্তৃক পরিচালিত। ওখানে তার লালন-পালনের ব্যবস্থা হবে। যদি কোনো ব্যক্তি শিশুটিকে দত্তক নিতে চান তাহলে কোর্টের মাধ্যমে অর্ডার করিয়ে তারপর দত্তক নিতে হবে।’
.png)
শিশুটিকে দত্তক নেয়ার ইচ্ছা পোষণ করেছেন আব্দুল আল নোমান নামে স্থানীয় এক ব্যক্তি। তিনি বলেন, ‘আমার ভাতিজা নূর মোহাম্মদ এই বাচ্চাটিকে উদ্ধার করেছে। শুরু থেকেই আমি বাচ্চাটির খোঁজখবর নিচ্ছি এবং এই পর্যন্ত তার পিছনে যা খরচ হচ্ছে সব আমি নিজে বহন করছি। তাই আমি চাই আইনগতভাবে এই বাচ্চাটিকে দত্তক নিয়ে লালন পালন করতে।’
আশুলিয়া থানার এসআই ইউনুস আলী জানান, খবর পেয়ে হাসপাতালে গিয়ে নবজাতকের খোঁজখবর নেওয়া হয়েছে। বর্তমানে শিশুটি সুস্থ আছে। নবজাতকটি নুর মোহাম্মদ ও রিপন সিকদারের জিম্মায় রয়েছে।