থানার সামনে কিশোর গ্যাংয়ের তাণ্ডব, আটক ২
গাজীপুরের টঙ্গীতে চুরি করা লোহা বিক্রির টাকা ভাগাভাগি নিয়ে দুই কিশোর গ্যাংয়ের সংঘর্ষের ঘটনায় দুজনকে আটক করেছে পুলিশ।
বুধবার রাতে তাদের আটক করা হয়। এর আগে, মঙ্গলবার রাত দেড়টায় টঙ্গী পশ্চিম থানার সামনে এ ঘটনা ঘটে।
আটকরা হলেন- রাশেদ খান মেনন ও এনামুল হক অনিক। তারা দুজনই কিশোর গ্যাং দলের প্রধান।
.png)
স্থানীয়রা জানায়, প্রায় ২৫-৩০ দিন আগে কাঁঠালদিয়া বস্তির উচ্ছেদ করা জায়গায় স্টিল কর্পোরেশনের নির্মাণাধীন ভবনের বিপুল পরিমাণ লোহার রড চুরি হয়। ওই লোহা বিক্রির টাকার ভাগাভাগি নিয়ে বেশ কয়েকদিন ধরেই রাশেদ ও এনামুল গ্রুপের মাঝে বিরোধ চলছিল। আগে থেকেই এ দুই গ্রুপের মধ্যে আধিপত্য বিস্তার ও মাদক ব্যবসার নিয়ন্ত্রণ নিয়ে বিরোধ রয়েছে। মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে টঙ্গীর মিত্তিবাড়ি এলাকায় দুই গ্রুপের কিশোর গ্যাংয়ের সদস্যদের মধ্যে মারামারির ঘটনা ঘটে। পরে দুই গ্রুপ একই সময় অভিযোগ করতে গেলে থানা ফটকের সামনে মারামারি শুরু হয়। এ সময় সংঘর্ষের ভিডিও ধারণ করায় স্থানীয় সংবাদকর্মী আরিফ চৌধুরীর ওপর হামলা চালান কিশোর গ্যাংয়ের সদস্যরা। তারা আরিফের মোবাইল ফোন, মানিব্যাগ ও পরিচয়পত্র নিয়ে নেন। এ ঘটনায় বুধবার বিকেলে টঙ্গী পশ্চিম থানায় লিখিত অভিযোগ করেন আরিফ।
সাংবাদিক আরিফ চৌধুরী বলেন, রাতে দুই গ্রুপের মারামারির ঘটনার ভিডিও ধারণ করার সময় আমার মোবাইল ফোন কেড়ে নেন আশরাফুল ইসলাম বাবু। পরে কিশোর গ্যাংয়ের অন্য সহযোগীরা আমাকে কিল-ঘুষি মেরে সঙ্গে থাকা আরেকটি মোবাইল ফোন, মানিব্যাগ ও এশিয়ান টেলিভিশনের পরিচয়পত্র ছিনিয়ে নেন।
টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আলম জানান, দুই গ্রুপের মধ্যে মারামারির ঘটনায় তিনটি অভিযোগ করা হয়েছে। এছাড়া সাংবাদিকের ওপর হামলার ঘটনায় আরেকটি অভিযোগ হয়েছে। এ ঘটনায় দুই কিশোর গ্যাং দলের প্রধান রাশেদ খান মেনন ও এনামুল হক অনিককে আটক করা হয়েছে।