ভাতের থালা দিয়ে পিটিয়ে ছাত্র হত্যার অভিযোগ, শিক্ষক গ্রেফতার
কুমিল্লার বরুড়ায় ভাতের থালা দিয়ে পিটিয়ে মো. শিহাব নামে এক ছাত্রকে হত্যা মামলায় অভিযুক্ত শিক্ষক আবদুর রবকে পুলিশ গ্রেফতার করেছে। শনিবার আবদুর রবকে কুমিল্লা জেলহাজতে প্রেরণ করেছে পুলিশ। এর আগে, শুক্রবার নিহতের বাবা শুক্কুর আলী আবদুর রবকে আসামি করে বরুড়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
জানা গেছে, নিহত শিহাব উপজেলার ঝলম ইউনিয়নের শশইয়া গ্রামের শুক্কুর আলীর ছেলে। শিহাব একই ইউনিয়নের মেড্ডা জামি’আ মাতিনিয়া দারুল উলুম মাদরাসার নূরানী বিভাগের ছাত্র। গত বুধবার মাদরাসায় দুপুরে খাবার খাওয়ার সময় শিহাবের হাত থেকে খাবারসহ প্লেট মেঝেতে পড়ে যায়। এ অজুহাতে ঐ মাদরাসার শিক্ষক আবদুর রব শিহাবকে বেত এবং ভাতের থালা দিয়ে পিটিয়ে আহত করেন। এর পরের দিন বৃহস্পতিবার দুপুরে মাদরাসা কর্তৃপক্ষ শিহাবের অসুস্থতার কথা তার বাবাকে অবহিত করেন। শুক্কুর আলী ঐদিন বিকেলে ছেলেকে মাদরাসা থেকে বাড়ি নিয়ে আসেন।
এরপর শুক্রবার সকালে শিহাবের শারীরিক অবস্থার অবনতি হলে পরিবারের সদস্যরা তাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
.png)
এ ব্যাপারে বরুড়া থানার অফিসার ইনচার্জ ইকবাল বাহার মজুমদার জানান, অভিযুক্ত শিক্ষক আবদুর রবকে গ্রেফতার করে কুমিল্লা জেলহাজতে প্রেরণ করা হয়েছে।