বুধবার দুপুরে উপজেলার হরষপুর ইউনিয়নের নিদারাবাদ এলাকায় স্বামীর বাড়ি থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ। মৃত মাহিয়া বেগম নিদারাবাদ গ্রামের মহিবুল ইসলাম সুজনের স্ত্রী এবং একই ইউনিয়নের বুল্লা গ্রামের এখলাছ মিয়ার মেয়ে।
জানা যায়, স্থানীয় দেওয়ান বাজারের মুদি দোকানি মুহিবুল ইসলাম সুজনের সঙ্গে দেড় বছর আগে মাহিয়ার বিয়ে হয়। বিয়ের পর থেকেই তাদের মধ্যে দাম্পত্য কলহ চলে আসছে। বুধবার সকালে মাহিয়ার মৃত্যু হয়। এরপর থেকেই তার স্বামীসহ শ্বশুর বাড়ির লোকজন পালিয়ে যান। খবর পেয়ে দুপুর সাড়ে ১২টার দিকে পুলিশ তার লাশ উদ্ধার করে।
.png)
বিজয়নগর থানার ওসি মো. রাজু আহমেদ বলেন, স্থানীয়রা জানিয়েছেন সকালে ঐ গৃহবধূকে স্বামীর বাড়ির লোকজন স্থানীয় বাজারের একটি ফার্মেসিতে নিয়ে গেলে ফার্মেসির মালিক তাকে মৃত ঘোষণা করেন। পরে তার লাশ বাড়িতে এনে শ্বশুর বাড়ির লোকজন পালিয়ে যান। পুলিশ তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
তিনি আরো বলেন, প্রাথমিকভাবে মনে হয়েছে ঐ গৃহবধূ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। ময়নাতদন্তের রিপোর্ট পেলে বিস্তারিত জানা যাবে। এখনো গৃহবধূর পরিবারের পক্ষ থেকে অভিযোগ দিতে কেউ থানায় আসেননি।