যৌতুকের দাবিতে মাকে গ্রামে পাঠিয়ে দুই সন্তানকে খুন্তির ছ্যাঁকা বাবার
সাভারে যৌতুকের দাবিতে দুই শিশু সন্তানের পায়ের তালু গরম খুন্তি দিয়ে ঝলসে দেওয়ার অভিযোগ উঠেছে বাবা নুর আলমের বিরুদ্ধে।
এ ঘটনায় থানায় অভিযোগ দিয়েছেন ওই দুই শিশুর মা জয়মেনা বেগম। বুধবার রাত ১১টার দিকে সাভার মডেল থানায় অভিযোগ করেন তিনি। এর আগে মঙ্গলবার দুপুরে সাভারের আড়াপাড়ার বিনোদবাইদ এলাকায় আবদুল লতিফের বাড়িতে দুই শিশুকে নির্যাতনের ঘটনা ঘটে।
ভুক্তভোগী দুই শিশু হচ্ছে- আলিফ (৫) ও আরোবি (৯)। অভিযুক্ত বাবা নুর আলম জয়পুরহাটের আক্কেলপুর থানার পূর্বমাতাপুর গ্রামের আব্দুর রবের ছেলে। সাভারে ভাড়া থেকে ব্যাটারিচালিত অটোরিকশা চালান তিনি।
দুই শিশুর মা জয়মেনা বেগম বলেন, নুর আলম প্রায়ই যৌতুকের টাকার জন্য আমার ওপর অত্যাচার করে। গত ২৮ জুলাই যৌতুকের দাবিতে আমাকে মারধর করে। পরে জোর করে নীলফামারী আমার বাবার বাড়িতে পাঠিয়ে দেয়। সন্তানদের তার কাছে রেখেই আমাকে যেতে বাধ্য করে। গতকাল শুনি আমার অবুঝ ছেলে-মেয়েকে গরম খুন্তি দিয়ে পা ঝলসে দিয়েছে। খবর পেয়েই আমি সাভারে চলে আসি।
এ ব্যাপারে থানায় অভিযোগ করেছি। বাড়িওয়ালা না থাকলে আমার সন্তানদের মেরেই ফেলত। তাদের কাঁদতেও দেয়নি। মুখ চেপে রেখেছিল। বাড়িওয়ালা ওই রুমে গেলে নুর আলম পালিয়ে যায়।
সাভার মডেল থানার ওসি কাজী মাইনুল ইসলাম বলেন, দুই শিশুর পা ঝলসে দেওয়ার অভিযোগ পেয়েছি। পাষণ্ড বাবার বিরুদ্ধে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।