বুধবার বিকেলে বড়াইগ্রাম গ্রামের দুলাল হোসেনের বাড়ির এই বাছুরের জন্ম হয়। শুক্রবার সকালে শত শত মানুষ বাছুরটি দেখতে বাড়িতে ভিড় করছেন।
গরুর মালিক দুলাল হোসেন জানান, তিনি পাঁচ বছর ধরে গাভীটি লালন-পালন করছেন। বুধবার গাভীটি একটি বাচ্চা প্রসব করে। জন্মের পর দেখতে পাওয়া যায়, চারটি পা ছাড়াও এর পেছনের অংশে আরো দুটি পা রয়েছে। এছাড়া শারীরিক আরো কিছু ত্রুটি রয়েছে। তাই বাছুরটি দেখানোর জন্য উপজেলা প্রাণিসম্পদ দফতরে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসক বাছুরটি দেখে কিছু প্রাথমিক চিকিৎসা দেন এবং পরে সুস্থ থাকলে বাছুরটির অপারেশনের মাধ্যমে প্রয়োজনে অন্য পাগুলো অপসারণ করা যেতে পারে বলে জানান।
.png)
উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আমীর হামজা বলেন, আমি বাছুরটি দেখে কিছু পরামর্শ দিয়েছি। এটি একটি জন্মগত ত্রুটি। শারীরিকভাবে বাছুরটি কিছুটা বড় ও সুস্থ হলে অপারেশনের মাধ্যমে অতিরিক্ত পা দুটি সরিয়ে ফেলা যাবে। তবে অপারেশন না করলেও তেমন কোনো সমস্যা হবে না।