মৃতের নাম জাহিদুল আলম মেহেদী। ১৮ বছর বয়সী মেহেদী উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের বাড়ি মজলিস গ্রামের মনির হোসেনের ভাড়াটিয়া শহিদুল ইসলামের ছেলে। তার গ্রামের বাড়ি গাইবান্ধা সদর উপজেলার কোনারপাড়া গ্রামে।
স্থানীয়রা জানায়, রোববার দুপুর ২টার দিকে সোনারগাঁয়ের পিরোজপুর ইউনিয়নের ভাটিবন্দর এলাকায় মেঘনা নদীতে গোসলে নামেন মেহেদীসহ আরো কয়েকজন। তারা সাঁতরে অনেক দূরে চলে যান। একপর্যায়ে তিনজন তীরে এলেও নদীর স্রোতে তলিয়ে যান মেহেদী। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি।
.png)
প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার সকালে পিরোজপুর ইউনিয়নের ভাটিবন্দর এলাকায় মেঘনা নদীতে লাশ ভাসতে দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা। পরে লাশটি উদ্ধার করে পুলিশ।
সোনারগাঁ থানার ওসি হাফিজুর রহমান বলেন, লাশটি নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।