প্রেমের টানে ভারতীয় তরুণী টাঙ্গাইলে, বিয়ে হলো কোর্টে
কাতার প্রবাসী মামুন। বিদেশে থাকতেই ফেসবুকে পরিচয় হয় ভারতীয় তরুণী বিউটি খাতুন সঙ্গে। পরিচয় গড়ায় প্রেমে। এক মাস আগে দেশে ফেরেন মামুন।
পরে ওই তরুণীকে বৈধ পাসপোর্ট ও ভিসার মাধ্যমে বাড়িতে নিয়ে আসেন তিনি। পরে গত শনিবার কোর্ট ম্যারেজ ও স্থানীয় কাজীর মাধ্যমে ওই তরুণীর সঙ্গে বিয়ে করেন মামুন।
বিষয়টি নিশ্চিত করেছেন টাঙ্গাইলের কালিহাতীর উপজেলার সহেদেবপুর ইউপি সদস্য পরিতোষ পাল। মামুন উপজেলার বিন্যাউড়ী গ্রামের খাদেম হোসেনের ছেলে। বিউটি খাতুন কলকাতার বর্ধমান শহরের শেখ হানিফের মেয়ে।
.png)
স্থানীয়রা জানায়, গত পাঁচ দিন আগে ওই তরুণীকে মামুন বর্ডার থেকে তাদের বাড়িতে নিয়ে আসেন। পরে শনিবার তাদের বিয়ে হয়। তবে পরিবারটি পর্দাশীল হওয়ায় বাইরের কেউ ওই তরুণীর সঙ্গে দেখা করতে পারেননি বলে জানা গেছে।
স্থানীয় ইউপি সদস্য পরিতোষ পাল জানান, বিদেশে থাকতেই ভারতীয় ওই তরুণীর সঙ্গে তার প্রেমের সম্পর্ক গড়ে উঠে মামুনের। প্রায় এক মাস আগে কাতার প্রবাসী মামুন দেশে ফেরেন। দেশে আসার পর ওই তরুণীকে বৈধ পাসপোর্ট ও ভিসার মাধ্যমে বাড়িতে আনার পর আইনগতভাবে কোর্ট ম্যারেজ ও স্থানীয় কাজির মাধ্যমে ওই তরুণীকে বিয়ে করেন মামুন। তার বাবা স্থানীয় মসজিদের মুয়াজ্জিন হওয়ায় বিষয়টি নিয়ে তারা নিজেদের মধ্যেই রেখেছেন।
কালিহাতী থানার ওসি মোল্লা আজিজুর রহমান বলেন, ভারতীয় ওই তরুণী পশ্চিমবঙ্গ থেকে বৈধ পাসপোর্ট ও ভিসা নিয়ে বাংলাদেশে এসেছেন। পুলিশ সদস্যরা ওই বাড়িতে গিয়ে তথ্য সংগ্রহ করেছেন।