কুয়াকাটায় রেস্তোরাঁ মালিকদের ধর্মঘট প্রত্যাহার
পর্যটন কেন্দ্র কুয়াকাটার খাবার হোটেল-রেস্তোরাঁ মালিকদের ডাকা অনির্দিষ্টকালের ধর্মঘট প্রত্যাহার করে নিয়েছেন মালিকরা। পটুয়াখালী জেলা প্রশাসকের আশ্বাসে ধর্মঘট প্রত্যাহার করে নিয়েছেন তারা।
বুধবার বিকেল ৫টায় ধর্মঘট প্রত্যাহারের ঘোষণা দেন কুয়াকাটার খাবার হোটেল-রেস্তোরাঁ মালিক সমিতির সভাপতি মো. সেলিম মুন্সি। এতে স্বস্তি ফিরে এসেছে কুয়াকাটায় আগত পর্যটকদের মাঝে।
জেলা প্রশাসক মো. কামাল হোসেন ও কলাপাড়া উপজেলা নিবার্হী অফিসার আবু হাসনাত মো. শহিদুল হকের মাধ্যমে মালিকদের দফায় দফায় আলোচনা হয়। একপর্যায়ে খাবার হোটেল মালিক সংগঠনের নেতারা জেলা প্রশাসকের কার্যালয়ে আলোচনায় বসতে রাজি হন।
.png)
বুধবার (১৭ আগস্ট) দুপুরের পর জেলা প্রশাসকের কার্যালয়ে ঘণ্টাব্যাপী বৈঠক শেষে ধর্মঘট প্রত্যারের সিদ্ধান্ত নেন মালিকরা।
কুয়াকাটা খাবার হোটেল রেস্টুরেন্ট মালিক সমিতির সাধারণ সম্পাদক কলিমুল্লাহ বলেন, জেলা প্রশাসক ও নির্বাহী ম্যাজিস্ট্রেটের মাধ্যমে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার ক্ষেত্রে কিছুটা শিথিলতার আশ্বাস দিয়েছেন। আমরাও পর্যটকদের মাঝে পরিষ্কার-পরিচ্ছন্নভাবে মানসম্মত খাবার সরবরাহ করার প্রতিশ্রুতি দিয়েছি। জেলা প্রশাসক আমাদের সুখ-দুঃখ দেখার আশ্বাস দেওয়ায় ধর্মঘট প্রত্যাহার করে নিয়েছি।