ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

সিসি ক্যামেরার আওতায় জঙ্গল সলিমপুর, বসেছে চেকপোস্ট

চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: ২০:২০, ২৪ আগস্ট ২০২২
সিসি ক্যামেরার আওতায় জঙ্গল সলিমপুর, বসেছে চেকপোস্ট
সিসি ক্যামেরা স্থাপনের কাজ চলছে

চট্টগ্রামের সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরে সিসি ক্যামেরা স্থাপনের কাজ শুরু হয়েছে। পাশাপাশি অবৈধ মালামাল প্রবেশ ঠেকাতে বসানো হয়েছে চেকপোস্ট। একই সঙ্গে গ্যাসলাইনের ওপর বন্ধ করে দেওয়া হয়েছে যান চলাচল।

বুধবার সকাল থেকে কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের উচ্চ চাপবিশিষ্ট চট্টগ্রাম রিং-মেইন গ্যাস পাইপলাইনের ওপর দিয়ে জঙ্গল সলিমপুরের ছিন্নমূল ও আলীনগর যাওয়ার বিকল্প পথগুলো বন্ধ করে দেয় জেলা প্রশাসন।

এদিকে, জেলা প্রশাসনের একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে চেকপোস্টে সার্বক্ষণিক দায়িত্বে থাকবে পুলিশ, র‌্যাব, আনসার, ওয়াসা, সিটি কর্পোরেশন, সিডিএ, কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানিসহ সরকারি সব দফতরের প্রতিনিধিরা।

Advertisement

প্রবেশপথে চেকপোস্ট

জেলা প্রশাসনের সিনিয়র নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তৌহিদুল ইসলাম বলেন, জঙ্গল সলিমপুরকে নিরাপত্তার আওতায় আনতে সিসি ক্যামেরা বসানো হচ্ছে। বিশেষ করে জঙ্গল সলিমপুরের প্রবেশপথসহ গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে এ ক্যামেরা বসানো হচ্ছে। এছাড়া যানবাহন চলাচল নিয়ন্ত্রণে বসানো হয়েছে চেকপোস্ট।

তিনি আরো বলেন, লাইসেন্সবিহীন অটোরিকশা চলাচল সীমিত করার পাশাপাশি জঙ্গল সলিমপুরে প্রবেশের সবগুলো রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে। শুধুমাত্র চেকপোস্টের রাস্তা খোলা থাকবে। যদি কেউ জঙ্গল সলিমপুরে প্রবেশ করতে চায়, এ চেকপোস্ট দিয়ে প্রবেশ করতে হবে। যাওয়া-আসার সময় বেশকিছু অটোরিকশা ও গাড়ির কাগজপত্র যাচাই করে চালকদের সতর্ক করা হয়েছে।

ডিসি মোহাম্মদ মমিনুর রহমান বলেন, দুর্ঘটনা এড়াতে কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের উচ্চ চাপবিশিষ্ট চট্টগ্রাম রিং-মেইন গ্যাস পাইপলাইনের ওপর দিয়ে জঙ্গল সলিমপুরের ছিন্নমূল ও আলীনগর যাওয়ার বিকল্প পথগুলো বন্ধ করে দেওয়া হয়েছে। জঙ্গল সলিমপুরে প্রবেশমুখে চেকপোস্ট বসানো হয়েছে।

জঙ্গল সলিমপুরে সরকারি খাস জমির পরিমাণ তিন হাজার এক একর। জঙ্গল সলিমপুর নিয়ে মহাপরিকল্পনা হাতে নিয়েছে সরকার। সেখানে স্পোর্টস কমপ্লেক্স, কেন্দ্রীয় কারাগার স্থানান্তর, মডেল মসজিদ, আইকনিক মসজিদ, জাতীয় তথ্যকেন্দ্র, নভোথিয়েটার ও ইকোপার্ক, নাইট সাফারি পার্ক চট্টগ্রাম চিড়িয়াখানার এক্সটেনশন হিসেবে চালু করা হবে।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!