ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

কীটনাশক খাইয়ে স্ত্রীকে হত্যা, স্বামীর যাবজ্জীবন 

লক্ষ্মীপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৩:৩৫, ২৫ আগস্ট ২০২২
কীটনাশক খাইয়ে স্ত্রীকে হত্যা, স্বামীর যাবজ্জীবন 
ফাইল ছবি

লক্ষ্মীপুরে স্ত্রী শিল্পী আক্তারকে জোরপূর্বক কীটনাশক খাইয়ে ও মাথায় আঘাত করে হত্যার দায়ে স্বামী হোসেনের যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে ১০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরো ১ বছরের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার সকালে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ রহিবুল ইসলাম এ রায় দেন। দণ্ডপ্রাপ্ত হোসেন সদর উপজেলার ভবানীগনু ইউপির চরমনসা গ্রামের সফিক উল্যাহর ছেলে।

বিষয়টি নিশ্চিত করেছেন লক্ষ্মীপুর জজ আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) জসিম উদ্দিন। 

Advertisement

তিনি বলেন, আসামি হোসেন তার স্ত্রীকে পরিকল্পনা করে হত্যা করেছে। আদালতে ঘটনাটি প্রমাণিত হয়েছে। এতে আদালত তাকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দেয়। তবে পলাতক রয়েছেন আসামি। 

তিনি আরো বলেন, ২০১৮ সালের ২৭ আগস্ট সন্ধ্যায় পার্শ্ববর্তী তোরাবগঞ্জ বাজার থেকে কীটনাশক ক্রয় করেন হোসেন। পরে বাড়িতে গিয়ে কীটনাশক পানিতে মিশিয়ে স্যালাইন বলে শিল্পীকে খেতে বলে। পানি ঘোলা ও গন্ধ হওয়ায় শিল্পী তা খেতে চায়নি। এ সময় তাদের মেয়ে সীমা আক্তার খেতে চাইলেও হোসেন তাকে খেতে দেয়নি। একপর্যায়ে হোসেন জোরপূর্বক মুখ চেপে শিল্পীকে বিষ খাইয়ে দেন৷ পরে শিল্পী কয়েকবার বমি করে। পরে শিল্পীকে সুপারি খাওয়ানোর কথা বলে হোসেন ঘর থেকে বেরিয়ে যান।

এদিকে রাতে হঠাৎ হোসেন ও শিল্পীর ঘুমানোর কক্ষ থেকে আওয়াজ আসে। একপর্যায়ে শিল্পীর চিৎকার শোনা যায়। এ সময় মেয়ে সীমা আক্তারসহ অন্য সন্তানরা উঠে এলে হোসেন তাদের ঘুমানোর জন্য ধমক দেয়। পরে হোসেন তার মাথায় আঘাত করে। এতে অসুস্থ হয়ে পড়েন তিনি। ঘটনাটি অন্যদিকে প্রভাবিত করতে এক গ্রাম্য চিকিৎসক এনে একটি স্যালাইন পুশ করা হয়েছিল। তবে তার অবস্থার অবনতি হওয়ায় দ্রুত হাসপাতলে নেয়ার পরামর্শ দেন গ্রাম্য চিকিৎসক। পরে হাসপাতাল নেয়ার পথে মারা যান তিনি। এ ঘটনার দুইদিন পর শিল্পীর বাবা আব্দুল হাসিম বাদী হয়ে হোসের বিরুদ্ধে মামলা করেন।

পরে ময়নাতদন্তের প্রতিবেদনে ভুক্তভোগীর পেটে বিষ ও মাথায় জখম পাওয়া গেছে। ওই রিপোর্টের ভিত্তিতে ২০১৯ সালের ২০ অক্টোবর মামলার তদন্তকারী কর্মকর্তা ও সদর মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোসলেহ উদ্দিন আদালতে হোসেনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন৷ দীর্ঘ শুনানি ও সাক্ষ্যগ্রহণ শেষে বৃহস্পতিবার সকালে আদালত এ রায় দেন।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!