ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

নোয়াখালীতে প্রবাসীর বাড়িতে ডাকাতি, গ্রেফতার ৪ 

নোয়াখালী প্রতিনিধি 
প্রকাশিত: ১৭:৪২, ২৭ আগস্ট ২০২২
নোয়াখালীতে প্রবাসীর বাড়িতে ডাকাতি, গ্রেফতার ৪ 
গ্রেফতারকৃত চার ডাকাত

নোয়াখালীর চাটখিল উপজেলার রামনারায়ণপুর ইউনিয়নের ইতালি প্রবাসীর বাড়িতে ডাকাতির ঘটনায় চার ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে আগ্নেয়াস্ত্র, ডাকাতির সরঞ্জাম ও লুণ্ঠিত মালামাল উদ্ধার করা হয়েছে। 

শনিবার (২৭ আগস্ট) দুপুরে নোয়াখালী পুলিশ সুপার কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন পুলিশ সুপার মো. শহিদুল ইসলাম। 

এর আগে, শুক্রবার (২৬ আগস্ট) রাতে ঢাকা, লক্ষ্মীপুর ও নোয়াখালীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

Advertisement

গ্রেফতারকৃতরা হলেন চাটখিল উপজেলার পশ্চিম পরকোটের ফজল করিম মোল্লা বাড়ির মৃত নুর মিয়া পাটোয়ারী বাড়ির ফরজ আলী জাহাঙ্গীর, লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ উপজেলার ডুমুরিয়া এলাকার পালের বাড়ির মৃত জালাল উদ্দিনের ছেলে মো. মহসিন, আইয়ে নগর হাজী বাড়ির আবু তাহেরের ছেলে মো. কামাল হোসেন এবং লক্ষ্মীপুর সদর উপজেলার উত্তর মজিবুর গনি মিস্ত্রি বাড়ির জাহাঙ্গীর আলম।

পুলিশ সুপার মো. শহিদুল ইসলাম জানান, গত ১৮ আগস্ট চাটখিল উপজেলার ২ নম্বর রামনারায়ণপুর ইউনিয়নের আমিন ভিলায় (বাবুল ডাক্তারের বাড়ি) ডাকাতির ঘটনা ঘটে। সেই বাড়ির সবাই ইতালি প্রবাসী। তাদের ছেলের বিয়ের জন্য তারা কয়েকদিন আগে দেশে আসে। বিয়ের আগের দিন রাতে সশস্ত্র ডাকাতদল সেখানে গেট ভেঙে ও দরজা ভেঙে ঘরে ঢুকে ৮ ভরি স্বর্ণালংকার, ১৩ ভরি রূপার নুপুর, ৮টি মোবাইল ও সাড়ে চার লাখ টাকা লুট করে। এ ঘটনায় চাটখিল থানায় একটি মামলা করে ভুক্তভোগী পরিবার। 

পরবর্তীতে পুলিশের একাধিক টিম অভিযান চালিয়ে ও তথ্য প্রযুক্তির সহযোগিতায় চার ডাকাতকে গ্রেফতার করে। এ সময় তাদের কাছ থেকে ২টি মোবাইল সেট ও ২৫ হাজার উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে বিভিন্ন থানায় ডাকাতির ঘটনায় একাধিক মামলা রয়েছে।

এ ঘটনায় জড়িত বাকি ডাকাতদের গ্রেফতার ও লুণ্ঠিত মালামাল উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে। গ্রেফতারকৃতদের আদালতে পাঠানো হবে বলেও জানান পুলিশ সুপার।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!