মঙ্গলবার বিকেল সাড়ে ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত শহরের বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসনের সহকারী কমিশনার জান্নাতুল নাইম।
জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, বগুড়া শহরের মালতিনগর এলাকায় মা ও শিশু ক্লিনিক ও হাসপাতাল (ম্যাক হাসপাতাল) অনুমোদন ছাড়াই চিকিৎসাসেবা দিয়ে আসছিল। এছাড়াও তাদের ক্লিনিকে অভিযান চালানোর সময় কোনো চিকিৎসকের দেখা পাওয়া যায়নি। এ কারণে ওই ক্লিনিককে এক লাখ টাকা জরিমানা করাসহ সিলগালা করা হয়।
.png)
পরে শহরের বাদুরতলা এলাকায় নিউ সততা ক্লিনিক ও হাসপাতালে অভিযান পরিচালনা করা হয়। এই ক্লিনিকও অনুমোদন ছাড়াই চিকিৎসাসেবা কার্যক্রম পরিচালনা করে আসছিল। এছাড়াও ক্লিনিকটির পরিবেশ ছিল অস্বাস্থ্যকর এবং সেখান মেয়াদত্তীর্ণ রি-এজেন্ট ও ওষুধ ব্যবহার করা হচ্ছিল। ফলে নিউ সততা ক্লিনিক ও হাসপাতাল কতৃপক্ষকে দুই লাখ টাকা জরিমানাসহ সিলগালা করা হয়।
অভিযানে জেলা সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. দীপংকর বসাক ও বগুড়া পৌরসভার স্বাস্থ্য পরিদর্শক শাহ আলীসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
জেলা প্রশাসনের সহকারী কমিশনার জান্নাতুল নাইম জানান, অনিবন্ধিত ক্লিনিক-হাসপাতাল বন্ধে অভিযান অব্যাহত থাকবে।