ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বসছে ১৫০০ সিসি ক্যামেরা

কুমিল্লা প্রতিনিধি
প্রকাশিত: ২১:৩০, ৩১ আগস্ট ২০২২
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বসছে ১৫০০ সিসি ক্যামেরা
ফাইল ফটো

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে পণ্যবোঝাই ট্রাক ও কাভার্ডভ্যানসহ প্রায় ৪০ হাজার যানবাহন নিয়মিত চলাচল করে। এ সব যানবাহনে রফতানিসহ বিভিন্ন পণ্য চট্টগ্রাম বন্দরে আনা-নেয়া করা হয়। কিন্তু মাঝে-মধ্যে মহাসড়কের বিভিন্ন ঝুঁকিপূর্ণ পয়েন্টে গভীর রাতে মালামাল চুরি, ডাকাতি ছিনতাই ও চাঁদাবাজির অভিযোগ রয়েছে। ঈদসহ বিভিন্ন ছুটির সময় মহাসড়কে ডাকাতি, ছিনতাই ঘটে।

হাইওয়ে পুলিশের কুমিল্লা জোনের অধীনে রাজধানী ঢাকার শনির আখড়া থেকে  বাণিজ্যিক রাজধানী চট্টগ্রামের সিটি গেট পর্যন্ত ২৫৬ কিলোমিটার সড়ক সিসি ক্যামেরা আওতায় আসছে। এ জন্য ১৫০ কোটি টাকার প্রকল্প বর্তমানে চলমান রয়েছে।

এ লক্ষ্যে কাজ চলছে। সেখানে আধুনিক মনিটরিং সিস্টেম থাকবে। মহাসড়কে যে কোনো ধরনের দুর্ঘটনা ঘটলে তাৎক্ষণিকভাবে জানা যাবে। এমনকি মোবাইল ফোনে মহাসড়কের অপরাধের তথ্য জানা যাবে।

Advertisement

হাইওয়ে পুলিশের একটি সূত্র জানায়, দেশের অতীব গুরুত্বপূর্ণ মহাসড়ক ঢাকা চট্রগ্রাম মহাসড়কে অপরাধ নিয়ন্ত্রণ ও উদঘাটন  করার স্বার্থে এবং মহাসড়ক নিরাপদ করার লক্ষ্যে সরকার মহাসড়কে সিসিটিভি বসানোর সিদ্ধান্ত গ্রহণ করে। এজন্য ১৫০ কোটি টাকা ব্যয়ে একটি প্রকল্প হাতে নেয়। এই প্রকল্প মোতাবেক ঢাকার শনির আখড়া থেকে চট্রগ্রামের সিটি গেট পর্যন্ত মহাসড়কের এই ২৫৬ কিলোমিটার রাস্তায় সিসিটিভি বসানো হবে। এজন্য এই সড়কে ১ হাজার পাঁচশত ক্যামেরা ও ৪৯০টি পুল বসানো হবে। যা ২০২১ সালের মাঝামাঝি সময় থেকে শুরু হয়েছে এবং বর্তমানে তা চলমান রয়েছে। 

তবে একটি সূত্র জানিয়েছে, ২০২৩ সাল নাগাদ এই প্রকল্পের কাজ সমাপ্ত হতে পারে। 

এ বিষয়ে হাইওয়ে কুমিল্লা জোনের পুলিশ সুপার মো. রহমত উল্লাহ জানান, সিসিটিভি ক্যামেরা স্থাপনের কাজ চলমান রয়েছে। এই প্রকল্প শেষ হলে ঢাকা চট্রগ্রাম মহাসড়ক পুরোটা সিসিটিভির আওতায় চলে আসবে। মহাসড়কে অপরাধ তখন অনেকাংশেই কমে যাবে। চলাচলকারী যানবাহন ও যাত্রীদের মধ্যে স্বস্তি ফিরে আসবে। 

পুলিশ সুপার মো. রহমত উল্লাহ বলেছেন, চট্টগ্রাম বিভাগের চাঁদপুর, নোয়াখালী, খাগড়াছড়ি, রাঙ্গামাটি ও বান্দরবান এই ৫টি জেলায় এখনো হাইওয়ে পুলিশের কোনো ইউনিট নেই। যার কারণে ঐ জেলাগুলোতে আমরা সেবা দিতে পারছি না। ইউনিট হয়ে গেলে এই জেলাগুলোও আমাদের সেবার আওতায় চলে আসবে। 

ডেইলি-বাংলাদেশ/আরএম/আরআই
ট্যাগ: কুমিল্লা
লিংক সফলভাবে কপি হয়েছে!