ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

কুমিল্লায় ৫২ প্রতিষ্ঠানকে ৮ লাখ টাকা জরিমানা

কুমিল্লা প্রতিনিধি
প্রকাশিত: ২০:১৭, ৩১ আগস্ট ২০২২
কুমিল্লায় ৫২ প্রতিষ্ঠানকে ৮ লাখ টাকা জরিমানা
ছবি: ডেইলি বাংলাদেশ

কুমিল্লায় গত এক মাসে ৫২ প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে আট লাখ ১২ হাজার ৫শ’ টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর। এ সময়ে তারা বেশ কিছু কার্যকর পদক্ষেপ নিয়েছে যা জনসাধারণের কাছে প্রশংসিত হয়েছে।

বুধবার দুপুরে এক বিজ্ঞপ্তিতে ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদফতর কুমিল্লা এ কথা জানায়।  

সূত্র জানায়, কুমিল্লার ৩০টি বাজারে ১৪টি স্বপ্রণোদিত অভিযান পরিচালনা করে ৪৪টি প্রতিষ্ঠানকে ৭ লাখ ৭১ হাজার ৫শ’ টাকা জরিমানা করা হয়। আর ভোক্তাদের প্রমাণসহ দায়ের করা অভিযোগের ভিত্তিতে জরিমানা করা হয় ৮টি প্রতিষ্ঠানকে ৪১ হাজার টাকা। 

Advertisement

এ মাসে লিখিতভাবে অভিযোগ আসে ৩৮টি, নিষ্পত্তি করা হয় ৩৪টি অভিযোগ। জরিমানার পাশাপাশি পণ্য ফেরতের ব্যবস্থা করা হয় ৫ জনের, আপোষ-মীমাংসা করেন ৭ জন। আর পণ্যের মূল্য পরিশোধের ব্যবস্থা করা হয় ৮ জনের। লিখিতভাবে অভিযোগ আসলেও আইন অনুযায়ী আমলযোগ্য হয়নি ৬টি অভিযোগ আর প্রমাণিত হয়নি ৫টি। প্রমাণিত অভিযোগের প্রেক্ষিতে প্রণোদনা হিসেবে প্রতারিত ভোক্তাদের প্রদান করা হয় ১০ হাজার ২শ’ ৫০ টাকা। 

জানা যায়, আগস্ট মাসের গৃহীত কার্যক্রম পর্যালোচনা করে দেখা যায়, এ মাসে প্রতিষ্ঠান কর্তৃক উৎপাদিত পণ্যের মোড়কের গায়ে দাম, উপাদান, ওজন/পরিমাণ, উৎপাদনের তারিখ বা মেয়াদ উত্তীর্ণের তারিখ না লেখায় ২টি প্রতিষ্ঠানকে ৭ হাজার টাকা জরিমানা করা হয়। পণ্যের মূল্য তালিকা দৃশ্যমান স্থানে না টাঙানোয় জরিমানা গুনতে হয় ৭টি প্রতিষ্ঠানকে ৩২ হাজার ৫শ’ টাকা। সেবাদানকারী প্রতিষ্ঠানগুলো ভোক্তাকে সেবার মূল্য আগে থেকে সরবরাহ না করায় জরিমানা করা হয় ৮ হাজার টাকা। বেশি দামে পণ্য বিক্রির অভিযোগে ৮ প্রতিষ্ঠানকে জরিমানা করা হয় ১ লাখ ১৭ হাজার ৫শ’ টাকা। 

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের কুমিল্লার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আছাদুল ইসলাম বলেন, কুমিল্লা জেলা প্রশাসনের সার্বিক দিক-নির্দেশনায় জেলা পুলিশের একটি সক্রিয় টিম, জেলা সিভিল সার্জন অফিসের প্রতিনিধি, জেলা খাদ্য, কৃষি, মৎস, প্রাণিসম্পদ ও কৃষি বিপণন অধিদফতরের প্রতিনিধি বিভিন্ন সময়ে অভিযানে উপস্থিত থেকে সার্বিক সহযোগিতা করেন।

ভোক্তাদের অধিকার সুরক্ষা ও বাজার ব্যবস্থায় সাধারণ মানুষের স্বস্তি ফিরিয়ে আনতে অধিদফতরের মহাপরিচালকের প্রত্যক্ষ দিক-নির্দেশনায় এ তদারকি কার্যক্রম অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!