পঞ্চগড়ে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
পঞ্চগড়ে মাদক ব্যবসায়ী ও চোরাকারবারী দেলোয়ার হোসেনকে (৪৫) গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তার কাছ থেকে ১০০ ইয়াবা পাওয়া যায়।
বুধবার রাত ১০টার দিকে সদর উপজেলার হাড়িভাসা ইউনিয়নের ফুটকিপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে সদর থানা পুলিশ।
গ্রেফতার দেলোয়ার হোসেন জেলার সদর উপজেলার হাড়িভাষা ইউনিয়নের ফুটকি বাড়ি গ্রামের আব্দুল হান্নানের ছেলে। তিনি পঞ্চগড়ের চিহ্নিত মাদক ব্যবসায়ী। দীর্ঘদিন থেকে সীমান্ত এলাকায় চোরাকারবারীর সঙ্গে যুক্ত তিনি। তার নামে পঞ্চগড় থানায় মাদক ও চোরাচালানের একাধিক মামলা চলমান।
.png)
পুলিশ জানায়, দেলোয়ার একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী ও চোরাকারবারী। ফেনসিডিল গাঁজাসহ নানা ধরনের মাদক ভারত থেকে বাংলাদেশে এনে হাড়িভাষা ইউনিয়নে গোপনে ব্যবসা চালিয়ে আসছিলেন। এ নিয়ে এলাকাবাসী তার উপর ক্ষুব্ধ। পুলিশ তাকে দীর্ঘদিন থেকে তাকে গ্রেফতারের চেষ্টা করছিল। বুধবার গোপন সংবাদের ভিত্তিতে দেলোয়ারকে গ্রেফতার করা হয়। এ সময় তাকে তল্লাশি করে ১০০ ইয়াবা উদ্ধার করা হয়। বৃহস্পতিবার দেলোয়ারকে আদালতে হাজির করা হবে।
পঞ্চগড় সদর থানার ওসি আব্দুল লতিফ মিয়া জানান, দেলোয়ার পঞ্চগড়ের একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে থানায় কয়েকটি মাদক মামলা রয়েছে।