রোববার রাত ৯ টার দিকে অজগরটি অবমুক্ত করা হয়। এর আগে, একই দিন সকাল ১০টার দিকে ঝিনাইগাতী উপজেলার সদর ইউনিয়নের সারিকালিনগর এলাকার একটি জলাশয় থেকে সাপটিকে উদ্ধার করেন জরিনা বেগম নামে এক নারী সাপুড়ে। জরিনা উপজেলার নলকুড়া ইউনিয়নের ডেফলাই বেদে পল্লীর শামসু মিয়ার স্ত্রী।
জরিনা বেগম জানান, রোববার সকাল ১০টার দিকে জীবিকা নির্বাহের জন্য এলাকা ঘুরতে বের হন তিনি। পথে সারিকালিনগর এলাকার সড়কের পাশে সেচ পাম্প সংলগ্ন একটি জলাশয়ের পাশে অনেক মানুষের ভিড় দেখতে পান তিনি। এ সময় জরিনা সেখানে গিয়ে দেখেন, একটি অজগর সাপকে মেরে ফেলার চেষ্টা করছে মানুষ। পরে তাদের বুঝিয়ে সাপটিকে উদ্ধার করে বেদে পল্লীতে নিয়ে আসেন তিনি।
.png)
এ বিষয়ে রাংটিয়া রেঞ্জের গজনী বিট কর্মকর্তা মো. মকরুল ইসলাম আকন্দ বলেন, উদ্ধারকৃত নয় ফুট লম্বা অজগরটির ওজন ১২ কেজি। লোকালয় থেকে উদ্ধারের পর এটিকে গারো পাহাড়ের বনে অবমুক্ত করা হয়েছে।
ঝিনাইগাতী উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারুক আল মাসুদ বলেন, স্থানীয়দের মাধ্যমে অজগরটি উদ্ধারের খবর জানতে পারি। এরপর তাৎক্ষণিক অজগরটি অসুস্থ না সুস্থ যাচাইয়ের জন্য প্রাণিসম্পদ কর্মকর্তাকে নির্দেশ প্রদান করা হয়। পরবর্তীতে অজগরটি সুস্থ থাকায় বন বিভাগের কর্মকর্তাদের কাছে হস্তান্তর করা হয়।
তিনি আরো বলেন, বন্যপ্রাণী পরিবেশের একটি বড় সম্পদ। পরিবেশের ভারসাম্য রক্ষায় এই সম্পদ সর্বাত্মক ভূমিকা পালন করে। তাই সব প্রকার বন্যপ্রাণী রক্ষায় সবাইকে এগিয়ে আসতে হবে।